ক্যাটরিনার মন্তব্যের ব্যাখ্যা দিলেন রণবীর

রণবীর কাপুরের সঙ্গে ‘জাগগা জাসুস’ই তাঁর শেষ ছবি—এটা জানিয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সঙ্গে জানিয়েছেন ভবিষ্যতে রণবীরের সঙ্গে কাজ করা অসম্ভব। কিন্তু সাবেক প্রেমিক রণবীরের দাবি, এ কথা ক্যাটরিনা স্রেফ মজার ছলে বলেছেন। লোকে এই অভিনেত্রীর মন্তব্যের ভুল ব্যাখ্যা দাঁড় করেছিলেন বলেও মনে করছেন রণবীর। এখন দেখার বিষয় হলো এ কথার ঠিক ব্যাখ্যাটা কী?
সম্প্রতি ‘জাগগা জাসুস’ ছবির জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে ক্যাটরিনার কাছে জানতে চাওয়া হয়েছিল, ‘রণবীর কাপুরের সঙ্গে ভবিষ্যতে কোনো ছবিতে অভিনয় করবেন কি না?’ এর জবাবে ক্যাট সাফ জানিয়ে দেন, রণবীরের সঙ্গে এটিই তাঁর শেষ ছবি। ভবিষ্যতে রণবীরের সঙ্গে কাজ করা অসম্ভব।
এ ব্যাপারে রণবীরের ভাষ্য, ‘ক্যাটরিনা এ কথাটি সিরিয়াসলি বলেনি। এর পেছনের আসল সত্যি হলো, আমি আর সে তখন ফেসবুকে চ্যাটিং করছিলাম। সেখানে আমি তাকে নিয়ে একটা মজা করি। আর মজার জবাবে ক্যাটরিনা সাংবাদিকের সেই প্রশ্নের উত্তরে ওই মন্তব্য করেন। সে-ও কথাটা মজা করে বলেছে। পরে ক্যাট আমাকে বলেছে, দেখো, সবাই তোমার চেয়ে আমার জোকটাকেই সিরিয়াসলি নিয়েছে।’
রণবীর আরও জানান, ক্যাটরিনা কাইফের সঙ্গে কাজ করতে চান না—এমন ইঙ্গিত তিনি কখনোই দেননি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে রণবীর তাঁর সাবেক প্রেমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমি আর ক্যাটরিনা অসাধারণ এক জুটি। তাঁর সঙ্গে কাজ করতে আমার খুব ভালো লাগে। আমি যখনই তার সঙ্গে কাজ করি না কেন, সে আমাকে খুব সাহায্য করে। নিজে এত বড় এক তারকা হওয়া সত্ত্বেও আমার তারকা খ্যাতি যেন আরও বাড়িয়ে দেয় সে (ক্যাট)।’
আরও পড়ুন
একসঙ্গে এটিই শেষ ছবি!