ক্যাটরিনার মা টাবু!

দুজনের বয়সে ১২ বছরের পার্থক্য। টাবু অনেক সিনিয়র অভিনেত্রীও। কিন্তু তাই বলে টাবুকে কী করে নিজের মা ভাববেন ক্যাটরিনা কাইফ! নতুন ছবি ফিতুর করতে গিয়ে ভীষণ চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন বলে জানালেন ক্যাটরিনা।
এমনিতে বিনোদননির্ভর ছবি বেশি করলেও এবার ক্যাটরিনাকে কাজ করতে হয়েছে ক্ল্যাসিক ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের গল্প অবলম্বনে নির্মিত ছবিতে। এই চ্যালেঞ্জ তো ছিলই। তবে ক্যাটের জন্য বড় চ্যালেঞ্জ ছিল ‘বন্ধু’ টাবুকে ‘মায়ের’ ভূমিকায় মেনে নেওয়া। এই অভিনেত্রী বললেন, ‘এই ছবিতে টাবুকে আমার মা ভাবাটাই ছিল সবচেয়ে কঠিন। কোনো দিক দিয়েই তাঁকে আমার মায়ের মতো লাগে না। উনি তো বন্ধুর মতো।’
ক্যাটরিনা তাঁর ক্যারিয়ারে যে পথে হেঁটেছেন, টাবু হেঁটেছেন ঠিক তার বিপরীত পথে। ব্যবসায়িক সাফল্যের চেয়ে টাবুর কাছে ব্যতিক্রমধর্মী সিনেমা সব সময়ই গুরুত্ব পেয়েছে। ক্যাটরিনাও মুগ্ধ টাবুর সঙ্গে কাজ করতে গিয়ে, ‘উনি বিস্ময়কর অভিনেত্রী। যতবারই তাঁর সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াবেন, আপনাকে মাথায় রাখতেই হবে, তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়ে নিজের কাজটা ভুলে গেলে চলবে না। আপনাকেও তো অভিনয় করতে হবে, নাকি!’ টিওআই।