ক্যাটরিনার মুখে কেন দীপিকার গুণগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাটরিনা ও দীপিকা
ক্যাটরিনা ও দীপিকা

রণবীর-দীপিকা জুটির পর্দা রসায়ন নিয়ে সরাসরি মন্তব্য না করলেও ক্যাটরিনা তাঁর বর্তমান প্রেমিকের সাবেক প্রেমিকা দীপিকার প্রশংসা করে বলেছেন— শুধু রণবীর কাপুর কেন, দীপিকা রণবীর সিংয়ের সঙ্গেও তো দারুণ জুটি গড়েছেন। ক্যাটের এ প্রশংসা কি শুধুই প্রশংসা, নাকি রণবীর কাপুরকে ছেড়ে দীপিকা যেন কেবল রণবীর সিংয়ের সঙ্গেই জুটি বাঁ​​​ধেন সে কথাই ইঙ্গিতে বলা?
ক্যাটরিনা কাইফ আর দীপিকা পাডুকোন— বলিউডের এ দুই তারকা অভিনেত্রী যে অভিনেতা রণবীর কাপুরের খুব কাছের মানুষ তা সবাই এক বাক্যেই মানেন। আর এটাও সত্যি যে ক্যাটরিনার বর্তমান প্রেমিক রণবীর কাপুরই দীপিকার সাবেক প্রেমিক। দীপিকার সঙ্গে সম্পর্ক ভাঙার পর রণবীর-ক্যাটরিনার সম্পর্ক হলেও বলিউডের ছবিতে এখনো রণবীর-দীপিকা দুজনেরই জুটি বেধে অভিনয়ে কোনো অস্বস্তি নেই। দীপিকা বা রণবীরের না থাকতে পারে, কিন্তু ক্যাটরিনার?
সম্প্রতি ভারতের ডিএনএ ইন্ডিয়া নামের একটি সংবাদমাধ্যম ক্যাটরিনা কাইফের একটি সাক্ষাৎ​কার নিয়েছে। সাক্ষাৎ​কারের এক পর্যায়ে তাঁর কাছে দীপিকা-রণবীর জুটিকে যে পর্দায় চমৎকার মানায় তা তিনি স্বীকার করেন কিনা জানতে চাইলে বিষয়টি বুদ্ধিমতীর মতো পাশ কাটিয়ে যান ক্যাটরিনা। তবে, তিনি বলেন, ‘পর্দায় রণবীর-দীপিকা জুটি নিয়ে তাঁর কোনো মতামত নেই।’
অবশ্য, দীপিকার প্রশংসায় ক্যাটরিনা বলেছেন, দীপিকা দারুণ একজন অভিনেত্রী। আর যেকোনো অভিনেতার সঙ্গেই তাঁকে দারুণ মানাবে। ক্যাটরিনা আরও বলেন, তিনি মনে করেন, শুধু রণবীর কাপুর কেন রণবীর সিংয়ের সঙ্গেও দারুণ জুটি গড়েছেন দীপিকা।