ক্যাটরিনার সঙ্গে অভিনয়ের সাধ

বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছিল, আনন্দ এল রাইয়ের নতুন ছবিতে শাহরুখ খানের সঙ্গে জুটি হবেন ক্যাটরিনা। তাঁদের সঙ্গে ছবিতে আরও দেখা যাবে আলিয়া ভাটকে। ক্যাট যে এই ছবিতে থাকছেন, তা নিশ্চিত। কিন্তু ক্যাটের সঙ্গে এই দফার একই ফ্রেমে দেখা যাবে না আলিয়াকে। আলিয়া নিজেই তা জানিয়েছেন। ‘আমি এই ছবিতে কাজ করছি—এমন খবর পত্রিকায় পড়ে খুব অবাক হয়েছি। কারণ, এই ছবিতে কাজ করার কোনো প্রস্তাব এখন পর্যন্ত আমি পাইনি’, বললেন উড়তা পাঞ্জাব ছবির এই অভিনেত্রী।
তবে ক্যাটরিনার সঙ্গে কাজ করতে পারলে নাকি মন্দ হতো না। সহ-অভিনেত্রী হিসেবে ক্যাটরিনাই তাঁর প্রথম পছন্দ। আলিয়ার ভাষায়, ‘আমার মনে হয়, আমার আর ক্যাটের একসঙ্গে কোনো সিনেমায় অভিনয় করা উচিত। আমি তাঁর সঙ্গে কাজ করতে চাই। কোনো ছবিতে আমার সঙ্গে অন্য কোনো নায়িকাকে বেছে নিতে বলা হলে আমি অবশ্যই ক্যাটরিনার নাম প্রস্তাব করব।’
জনপ্রিয় হিন্দি ছবি দিল চাহতা হ্যায়-এর একটি নারী সংস্করণ তৈরির জন্যও নাকি পরিচালক ফারহান আখতারের কাছে আবদার করেছেন আলিয়া। বলিউড বাবল।