ক্যাটের ঘরে স্মিতা পাতিল অ্যাওয়ার্ড

পুরস্কারের জন্য নাম ঘোষিত হলো। প্রশংসার জোয়ারে ভাসবেন তিনি। তা কি না পেলেন ভ্রুকুটি, টিকা-টিপ্পনী। টুইটারে হলেন কৌতুকের পাত্র। ক্যাটরিনার ভাগ্য বেজায় খারাপই বলা যায়। তাতে কী? পুরস্কার যে তাঁকে দাঁড় করিয়ে দিল শ্রীদেবী, তানভী আজমীদের কাতারে। শুধু কি তাই? জুহি চাওলা ক্যাটরিনার পাশে দাঁড়ালেন।
একটি পুরস্কারের জন্য এত সব! পুরস্কারটি ‘স্মিতা পাতিল মেমোরিয়াল অ্যাওয়ার্ড’। ৩২তম বার্ষিক গ্লোবাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয় ক্যাটরিনা কাইফের হাতে। এর আগে পুরস্কারের জন্য নাম ঘোষণা হলে টুইটারে ক্যাটরিনাকে নিয়ে বেশ কৌতুক জমে ওঠে। তাতে পাত্তা দেননি ‘বার বার দেখো’ তারকা। আরেক বলিউড অভিনেত্রী জুহি চাওলা পেয়েছেন ‘৩২তম অ্যানিভার্সারি গ্লোবাল অ্যাওয়ার্ড’। সিনেমায় অনবদ্য অবদানের জন্য প্রিয়দর্শিনী একাডেমি এই অ্যাওয়ার্ড দেয়।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ক্যাটরিনার প্রশংসায় জুহি বলেন, ‘আমি মনে করি, ক্যাটরিনা এই পুরস্কার পাওয়ার যোগ্য। সে খুবই সুন্দরী ও প্রতিজ্ঞাবদ্ধ অভিনেত্রী।’ ক্যাটরিনার তারিফ করে অভিনেত্রী সারা ভাস্কর বলেন, ‘যেকোনো ক্ষেত্রের শিল্পীই পরিশ্রমকে সম্মান জানাবে।’
ক্যাটরিনা কাইফ ‘নিউইয়র্ক’, ‘আজব প্রেম কি গজব কাহানি’, ‘রাজনীতি’, ‘ধুম থ্রি’সহ আরও অনেক সিনেমায় অনবদ্য অভিনয় করেন। শিগগিরই ‘এক থা টাইগার’ ছবির সিক্যুয়াল ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে সালমান খানের সঙ্গে অভিনয়ে নামবেন ‘নমস্তে লন্ডন’ তারকা।
ইন্ডিয়ান এক্সপ্রেস