ক্যাটের বিরুদ্ধে রণবীরের প্রতিবেশীর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাটরিনার সঙ্গে রণবীর
ক্যাটরিনার সঙ্গে রণবীর

বছরের পর বছর প্রেম নিয়ে লুকোচুরি খেলছেন বলিউডের বহুল আলোচিত তারকা যুগল রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। মুখে প্রেমের কথা স্বীকার না করলেও একসঙ্গে অবকাশযাপন, রণবীরের বাড়িতে ক্যাটের ঘন ঘন যাতায়াতসহ আরও নানা কারণে এই জুটির প্রেমের বিষয়টি অনেকটা খোলা বইয়ের পাতার মতোই। সম্প্রতি রণবীরের একজন প্রতিবেশী দাবি করেছেন, ক্যাট ঘন ঘন রণবীরের বাড়িতে যাতায়াত করায় অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে তাঁদের।

এ প্রসঙ্গে রণবীরের এক প্রতিবেশীর বরাতে মিড-ডে ডটকম জানিয়েছে, মুম্বাইয়ের পালি হিল এলাকায় কৃষ্ণরাজ বাংলো বাড়িতে মা-বাবার সঙ্গে থাকেন রণবীর। সেখানে ঘন ঘন যাতায়াত করেন ক্যাটরিনা। সেখানে ক্যাটরিনার আগমনের খবর ছড়িয়ে পড়লে ব্যতিব্যস্ত হয়ে পড়েন প্রতিবেশীরা। রণবীরের বাড়ির কাছে ক্যাটের গাড়ির শব্দ শুনলেই হইচই পড়ে যায় চারদিকে। ক্যাটকে কাছ থেকে দেখার জন্য তাঁর ভক্তরা ভিড় করেন রণবীরের বাংলোর পাশে। একবার এক ভক্ত রণবীরের বাড়ির খুব কাছাকাছি চলে যাওয়ায় ক্যাটরিনার গাড়িচালকের সঙ্গে তাঁর কথা-কাটাকাটিও হয়।

প্রসঙ্গত, অনেক দিন থেকেই কৃষ্ণরাজ বাংলো বাড়িতে ঘন ঘন যাতায়াত করেন ক্যাটরিনা। এমনকি মাঝরাতে সেখানে হাজির হয়ে মুখরোচক খবরের জোগানও দিয়েছেন ক্যাট। রণবীরের বাড়িতে ক্যাটরিনা তাঁর জন্মদিনও উদযাপন করেছেন। কিন্তু স্পেনের ইবিজা সমুদ্রসৈকতে ছুটি কাটানোর সময় রণবীর ও ক্যাটরিনার অন্তরঙ্গ ছবি ফাঁসের ঘটনার পর কৃষ্ণরাজ বাংলো বাড়িতে ক্যাটরিনার ঘন ঘন যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি করেন ঋষি কাপুর। পরে অবশ্য সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন রণবীরের বাবা ঋষি।