ক্যানসারে আক্রান্ত ভক্তের পাশে এমরান

ক্যানসারের সঙ্গে লড়াই করা কতটা কঠিন, তা ভালোই বোঝেন এমরান হাশমি। এই রোগের সঙ্গে লড়াই করে বলিউডের এই তারকা অভিনেতা তাঁর একমাত্র ছেলে আয়ানকে ফিরিয়ে এনেছেন মৃত্যুর মুখ থেকে। তাই তিনি ক্যানসারে আক্রান্ত ভুক্তভোগী ব্যক্তিদের কষ্টটা খুব কাছ থেকে উপলব্ধি করতে পারেন। এ জন্যই সম্প্রতি ভারতের মুম্বাইয়ের এক হাসপাতালে ক্যানসারে আক্রান্ত এক ভক্তের পাশে এমরানকে দেখা গেল। সেই ভক্তের সঙ্গে লম্বা সময় কাটালেন এই মার্ডার অভিনেতা। তাঁকে কথাও দিয়ে এসেছেন, এমরান তাঁর পরবর্তী ছবির প্রিমিয়ারে সেই ভক্ত ও তাঁর পরিবারকে নিয়ে যাবেন।
একটি এনজিও সম্প্রতি এমরানকে তাঁর ওই ক্যানসারে আক্রান্ত ভক্তের খবর জানায়। এমরানকে দেখে ওই তরুণ ভক্ত নাকি দারুণ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। ভক্তের সঙ্গে লম্বা সময় কাটানোর পাশাপাশি তাঁর পরিবারকে ক্যানসার এবং এর চিকিৎসার ব্যাপারে বেশ কিছু পরামর্শও দেন এমরান। বলিউড বাবল।