ক্যানসারের সঙ্গে যুদ্ধ নিয়ে এমরান হাশমির বই

পর্দার বাইরে বলিউডের অভিনেতা এমরান হাশমির সংগ্রামটি একেবারেই অন্যরকম। এ অভিনেতার পাঁচ বছরের ছেলে আয়ান ক্যানসারে আক্রান্ত। সন্তানের এই ক্যানসারের সঙ্গে যুদ্ধের সহযোদ্ধা এমরান হাশমিও। চলছে বেঁচে থাকা আর বাঁচিয়ে রাখার সংগ্রাম। ক্যানসারের সঙ্গে পিতা-পুত্রের এই যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখেছেন বলিউডের এই অভিনেতা।
গত দুই বছর ধরে ছেলের জন্য খুব কঠিন সময় কেটেছে তাঁদের। ছেলের এই অবস্থায় নতুন করে লেখালেখি শুরু করেন এমরান। ক্যানসারের সঙ্গে জীবনযুদ্ধে তাঁর ছেলের বেঁচে থাকার কাহিনি লিপিবদ্ধ করে রাখতে চান তিনি। এ প্রসঙ্গে এমরান হাশমি বলেছেন, এর মধ্যে একজন শিক্ষক তাঁর ছেলে এবং অপর শিক্ষক ক্যানসার। জীবন থেকে অনেক কিছু শিখেছেন তিনি।
তাঁর এই বই নিয়ে আবেগতাড়িত এমরান এক টুইট বার্তায় জানিয়েছেন, কবে এ বই প্রকাশিত হবে, সে অপেক্ষাতেই আছেন তিনি।
‘মার্ডার’ এবং ‘ডার্টি পিকচার’খ্যাত অভিনেতা এমরান আরও জানিয়েছেন, সম্ভবত আগামী বছরই সাধারণ মানুষের হাতে এই বই তুলে দিতে পারবে বইটির প্রকাশনা সংস্থা পেঙ্গুইন বুকস ইন্ডিয়া।
এদিকে, পেঙ্গুইন বুকস ইন্ডিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা এমরান হাশমির এই বইটি নিয়ে কাজ করছেন। তাঁদের আশা আগামী বছরের কোনো এক সময়ে বইটি তাঁরা পাঠকের হাতে তুলে দিতে পারবেন।
প্রসঙ্গত, ৯ বছর আগে পারভিন শাহনির সঙ্গে বিয়ে হয়েছিল বলিউডের অভিনেতা এমরান হাশমির। এরপর তাঁদের ছেলে আয়ানের জন্ম। সন্তান হওয়ার পর সুখেই কাটছিল তাঁদের সংসার। কিন্তু হঠাৎই তাঁদের সংসারে নেমে আসে এই ক্যানসার সংকট। এনডিটিভি। গালফ নিউজ।