ক্রিকেটার হতে পারতেন সালমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

বলিউড অভিনেতা সালমান খান অভিনীত ছবি ‘সুলতান’ বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙেই চলেছে। বলিউডি চলচ্চিত্রে সালমান এখন এক কিংবদন্তি তারকা। অথচ সালমানের হওয়ার কথা ছিল ক্রিকেটার। খুব ভালো ক্রিকেট খেলতেন তিনি। বাবা চিত্রনাট্যকার সেলিম খানও চাইতেন তাঁর ছেলে বড় হয়ে ক্রিকেটার হোক।

সালমানকে ক্রিকেট শেখানোর জন্য সেলিম খান একজন ক্রিকেট কোচও রেখেছিলেন সে সময়। ভারতের সাবেক ক্রিকেটার সেলিম দুরানি ছিলেন সল্লুর ক্রিকেট প্রশিক্ষক। এই খেলায় সালমানের পারদর্শিতা দেখে তিনি মাত্র দুই দিনেই মুগ্ধ হয়ে যান। তৃতীয় দিন প্র্যাকটিসের সময় সেলিম খানকে তাই উপস্থিত থাকার অনুরোধ জানান তিনি।
কিন্তু ছেলেটি যে মহা ফাঁকিবাজ! রোজ রোজ ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে ক্রিকেট চর্চা করা তাঁর জন্য ছিল অসম্ভব ব্যাপার। এ জন্য বাবার উপস্থিতিতে ইচ্ছা করেই বাজে খেলেছিলেন সেদিন। অগত্যা বাবা হাল ছেড়ে দেন।

সম্প্রতি এক অনুষ্ঠানে সালমান তাঁর শৈশবের এই মজার স্মৃতি সবার কাছে প্রকাশ করেন। কে জানে, ছোটবেলায় এমন আলসেমি না করলে হয়তো আজ বলিউডের না হয়ে ক্রিকেট দুনিয়ারই একজন বড় তারকা হতেন সালমান। বলিউড হাঙ্গামা।