ক্রিকেট মাঠে আনুশকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুধু বিরাট কোহলিই নন, তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাও মাঠে নামছেন
সংগৃহীত

শুধু বিরাট কোহলিই নন, তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাও মাঠে নামছেন। এবার ব্যাটে-বলে ঝড় তুলবেন তিনি। তবে বাস্তবের মাঠে নয়, পর্দায় গোল বলে দ্যুতি ছড়াবেন এই অভিনেত্রী। শিগগিরই ডিজিটাল দুনিয়ায় তাঁকে ভারতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ঝুলন গোস্বামীর চরিত্রে দেখা যাবে। ছবির নাম ‘চাকদা এক্সপ্রেস’।
এই ছবি দিয়ে তিন বছর পর অভিনয়ে ফিরছেন বলিউডের এই অভিনেত্রী। ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাবে। এই ছবি দিয়ে ওটিটিতেও অভিষেক হতে যাচ্ছে আনুশকা শর্মার।

নেটফ্লিক্স থেকে এই ছবির একটি টিজার প্রকাশ করা হয়েছে। সেখানে আনুশকার প্রথম ঝলক (ফার্স্টলুক) দেখা গেল। টিজারে দেখা গেল, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ক্রিকেট ম্যাচ হচ্ছে। তখন ভারতীয় নারী ক্রিকেট দলের অবস্থা এতটাই খারাপ যে ক্রিকেটারদের কাছে জার্সি পর্যন্ত ছিল না। দর্শক নারী ক্রিকেটারদের নিয়ে তেমন আগ্রহী ছিলেন না। তাই গ্যালারি একদম ফাঁকা। এমনকি পুরুষ ক্রিকেটারদের জার্সিতে নামগুলো ঢেকে দিয়ে তাঁদের জন্য জার্সি বানানো হয়।
টিজারে ঝুলনরূপী আনুশকা বলেছেন, ‘জার্সি যেহেতু নিজের নামে নেই, ভক্তরা কোন নামকে অনুসরণ করবে। কিন্তু চিন্তা কোরো না, আজ জার্সিতে নিজের নাম লিখে ফেলেছি যখন, কাল নিজের পরিচয় বানিয়ে ফেলব।’

আনুশকাকে শেষ দেখা গেছে ২০১৮ সালে ‘জিরো’ ছবিতে
সংগৃহীত

আনুশকাকে শেষ দেখা গেছে ২০১৮ সালে ‘জিরো’ ছবিতে। আনন্দ এল রাই পরিচালিত এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন শাহরুখ খান। এরপর মা হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন আনুশকা।
ঝুলন গোস্বামীর জীবনীভিত্তিক এই ছবি  আনুশকার কামব্যাক ছবি হতে যাচ্ছে। মাঝখানে গুঞ্জন ছিল, ‘চাকদা এক্সপ্রেস’ ছবি থেকে তিনি সরে গেছেন। তাঁর পরিবর্তে এই ছবিতে আসতে যাচ্ছেন অভিনেত্রী তৃপ্তি ডিমরি। এখন জানা গেল, এটা কেবলই গুজব।

‘চাকদা এক্সপ্রেস’ নিয়ে একটি বড় পোস্টও লিখেছেন আনুশকা। তিনি লিখেছেন, ‘এটা আসলেই একটি বিশেষ ছবি, কারণ, এক মহান ত্যাগের গল্প তুলে ধরা হয়েছে এখানে। ভারতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ঝুলন গোস্বামীর জীবনী অবলম্বনে “চাকদা এক্সপ্রেস” তৈরি হয়েছে। এই ছবি নারী ক্রিকেট দুনিয়াকে আলাদাভাবে চিনতে শেখাবে।’

তাঁকে ভারতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ঝুলন গোস্বামীর চরিত্রে দেখা যাবে
সংগৃহীত

‘চাকদা এক্সপ্রেস’ ছবিটি পরিচালনা করেছেন প্রসিত রায়। এই ছবির গল্প লিখেছেন অভিষেক ব্যানার্জি। প্রসিতের সঙ্গে আনুশকা এর আগে ‘পরি’ ছবিতে কাজ করেছেন।
পশ্চিমবঙ্গের নদীয়ার মেয়ে ঝুলনের ক্রিকেটার হয়ে ওঠার সংগ্রাম ‘চাকদা এক্সপ্রেস’–এ তুলে ধরা হবে। চাকদহের অখ্যাত এক গ্রামের এই মেয়ে ব্যাটে-বলে ঝড় তুলে সারা বিশ্বকে একসময় চমকে দিয়েছিলেন। মেয়েদের এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড ঝুলনের কাছে।