ক্ষতিকর বিজ্ঞাপন বন্ধে অভিনব কৌশল!

বলিউডের চার তারকা অভিনেতা—শাহরুখ খান, অজয় দেবগন, আরবাজ খান ও গোবিন্দ। বিভিন্ন সময়ে ক্যানসার সৃষ্টিকারী ক্ষতিকর পান-মসলার বিজ্ঞাপন করেছেন বলিউডের এই চার তারকা। বেশ কিছুদিন আগে দিল্লির স্বাস্থ্য বিভাগ এই চার অভিনেতাকে এসব বিজ্ঞাপনে অংশ না নেওয়ার জন্য অনুরোধ করেছিল। সেই অনুরোধে কাজ না হওয়ায় সম্প্রতি এক অভিনব কৌশল অবলম্বন করেছে দিল্লির স্বাস্থ্য বিভাগ।
এর আগে প্রতিষ্ঠানটি শাহরুখ খানসহ বাকি তিন তারকাকে পৃথক চিঠিতে ক্ষতিকর ও জনস্বার্থবিরোধী এসব পণ্যের প্রচারের সঙ্গে যুক্ত না থাকার অনুরোধ জানিয়েছিল। এতে কাজ না হওয়ায় এবার আর কোনো অনুরোধ না করে এই চার তারকার স্ত্রীদের কাছেই সরাসরি চিঠি পাঠিয়েছে প্রতিষ্ঠানটি।
দিল্লির স্বাস্থ্য বিভাগ এই তারকার স্ত্রীদের কাছে বিশেষ অনুরোধ জানিয়ে আলাদাভাবে চিঠি পাঠিয়েছে। আলাদা চিঠিতে প্রতিষ্ঠানটি প্রত্যেক তারকার স্ত্রীকে অনুরোধ করেছে, তিনি যেন তাঁর স্বামীকে এসব বিজ্ঞাপনে অংশ না নেওয়ার অনুরোধের পাশাপাশি এসব বিজ্ঞাপন বন্ধের জন্য অনুরোধ করেন।
শাহরুখ-পত্নী গৌরী খানের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, এর আগে শাহরুখ খানকে অনুরোধ করার পরও তিনি এমন ধরনের বিজ্ঞাপনে ও এসব পণ্যের প্রচারে অংশ নিয়েছেন।
যা-হোক, তারকারা নিশ্চিতভাবেই তাঁদের স্ত্রীদের কথা শুনবেন—সম্ভবত এ ভাবনা থেকেই নতুন করে এই চিঠি পাঠানোর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। নিঃসন্দেহে এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। এদিকে এ প্রসঙ্গে বলিউডের অনেকেই বলেছেন, ক্ষতিকর বিজ্ঞাপন বন্ধে এ এক অভিনব কৌশলই বটে! ইন্দো-এশিয়ান নিউজ। এনডিটিভি।