ক্ষমা চাইলেন প্রিয়াঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া

টাইম ম্যাগাজিনের বিচারে বিশ্বের ১০০ প্রভাবশালী মানুষের মধ্যে ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া একজন। আন্তর্জাতিক সব পুরস্কারের আসর আর ম্যাগাজিনের প্রচ্ছদে তাঁর এখন অনেক কদর। সম্প্রতি একটি ভ্রমণ সাময়িকীর প্রচ্ছদকন্যা হয়ে বিপাকে পড়েছেন সাবেক এই বিশ্বসুন্দরী। শেষে ভক্ত ও পাঠকদের কাছে ক্ষমাও চাইতে হয়েছে তাঁকে।
কোনদে নাস্ত নামের ওই ভ্রমণ সাময়িকীর ভারতীয় সংস্করণের অক্টোবর সংখ্যার প্রচ্ছদ মডেল হয়েছেন প্রিয়াঙ্কা। সেখানে তাঁর পরনে ছিল সাদা টি-শার্ট। সেটির গায়ে ইংরেজিতে লেখা চারটি শব্দ—‘উদ্বাস্তু’, ‘অভিবাসী’, ‘বহিরাগত’, ‘পর্যটক’। প্রথম তিনটি শব্দের ওপর লাল কালি দিয়ে কাটা দাগ দেওয়া। কিন্তু সবশেষে ‘পর্যটক’ শব্দটিতে ছিল না কোনো চিহ্ন।
সারা বিশ্বে এখন উদ্বাস্তু-সমস্যা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এমন সময়ে এ ধরনের বার্তা প্রচার করে সমালোচনার মুখে পড়লেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কার ভাষ্য, ‘সাময়িকীটি আমাকে বিশেষ ওই টিশার্টটি পরতে অনুরোধ করেছিল। তারা আমাকে বলেছিল, উদ্বাস্তু, অভিবাসী বা বহিরাগত সম্বোধন করে যে ঘৃণা প্রকাশ করা হয়, তার প্রতিবাদ করেই তৈরি হবে পত্রিকার এবারের সংখ্যা।’
এদিকে ম্যাগাজিন কর্তৃপক্ষও তাদের বক্তব্য স্পষ্ট করেছে। উদ্বাস্তুদের অনুভূতিতে আঘাত দেওয়া তাদের বা প্রিয়াঙ্কার কারোরই উদ্দেশ্য নয়। বরং তারা বিশ্বাস করে, পৃথিবীতে সব দেশের সীমানা উন্মুক্ত করে দেওয়া উচিত। সবাই পর্যটক। দ্য গার্ডিয়ান।