ক্ষুদিরামের খোঁজে

ভানু প্রতাপের প্রতাপ বেড়েছে বিজ্ঞাপনের ছবি তৈরি করে। কিন্তু তাতে তাঁর মন ভরেনি। এখন তিনি চলচ্চিত্র তৈরি করার কথা ভাবছেন। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করার কথা মাথায় আসার পর তিনি বেছে নিলেন প্রায় ভুলে যাওয়া একজনের জীবনচরিত। এটা সত্যিই এক অবাক করা কাণ্ড। যার জীবন নিয়ে তৈরি হবে ছবিটি, তিনি ব্রিটিশবিরোধী আন্দোলনে আত্মাহুতি দেওয়া বাংলার কিশোর ক্ষুদিরাম।
ব্রিটিশবিরোধী আন্দোলনে ১৮ বছর বয়সী এই তরুণকে বাংলার বাইরে কে আর তেমন চেনে? ভানু প্রতাপও চিনতেন না। চিত্রনাট্যকার দীনেশ তিওয়ারি ক্ষুদিরামকে ভানুর সঙ্গে পরিচয় করিয়ে দেন। ব্রিটিশবিরোধী আন্দোলন বা স্বাধীনতা যুদ্ধ নিয়ে পড়াশোনা করতে গিয়ে তিওয়ারির হাতে ক্ষুদিরামকে নিয়ে কিছু তথ্য চলে আসে। সে তথ্যের মধ্যে চমকে দেওয়ার মতো খবরটি হলো, স্বাধীনতা সংগ্রামের সময় ক্ষুদিরাম নামের এই কিশোরটিই প্রথম শহীদ, যাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল!

তিওয়ারি এরপর ক্ষুদিরামকে নিয়ে লেখা খুঁজতে থাকেন। হেমচন্দ্র কানুনগো’র বইতে ক্ষুদিরামকে পেয়ে যান বিশদভাবে। তারপর মুগ্ধতা নিয়েই তিনি লেখা শুরু করেন ছবির চিত্রনাট্য। প্রায় ৮০ ভাগ লেখা হয়ে গেছে ইতিমধ্যেই।
চিত্রনাট্য তো শেষ হচ্ছে, কিন্তু ক্ষুদিরাম চরিত্রে অভিনয় করার মতো অভিনেতা খুঁজে পাওয়া যাবে কই? ভারতের অনেকগুলো শহরেই খোঁজা হচ্ছে ‘ক্ষুদিরাম’কে, হানা দেওয়া হয়েছে ১০-১৫ জন মঞ্চ অভিনেতার ডেরায়, কিন্তু এখনও তার দেখা মিলছে না। ‘লাইফ অব পাই’খ্যাত সুরজ শর্মা, ‘উদান’খ্যাত রজত বারমেচা ও ‘স্লামডগ মিলিয়নিয়ার’খ্যাত দেব প্যাটেলও আছেন হবু ‘ক্ষুদিরাম’-এর তালিকায়।
একটি তথ্য অবশ্য জানা গেল ঋতুপর্ণা সেনগুপ্ত সম্পর্কে। তিনি অভিনয় করবেন ক্ষুদিরামের বোনের চরিত্রে। এই বোন ক্ষুদিরামের জীবনে দারুণ প্রভাব ফেলেছিল। মিড ডে।