খাদির পুনর্জাগরণের আহ্বান কঙ্গনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুইটারে দেখা যায়, সাদাকালো ছবিতে তুলা দিয়ে চরকায় কাপড় উৎপাদন করছেন কঙ্গনা রনৌত। ছবি: টুইটার থেকে নেওয়া
টুইটারে দেখা যায়, সাদাকালো ছবিতে তুলা দিয়ে চরকায় কাপড় উৎপাদন করছেন কঙ্গনা রনৌত। ছবি: টুইটার থেকে নেওয়া

আজ থেকে ১৫০ বছর আগে আজকের দিনে জন্মেছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মহাত্মা গান্ধী। এই বিশেষ দিনে তাঁকে স্মরণ করে টুইটারের আশ্রয় নিলেন বলিউড তারকা কঙ্গনা রনৌত। লিখলেন খাদির পুনর্জাগরণের প্রয়োজনীয়তা বিষয়ে।

টুইটারে দেখা যায়, ৩২ বছর বয়সী এই ‘বিতর্কের রানি’ গান্ধীজয়ন্তীকে উদ্‌যাপন উপলক্ষে নিজের একটি ছবি প্রকাশ করেছেন। সাদাকালো সেই ছবিতে দেখা যায়, তুলা দিয়ে চরকায় কাপড় উৎপাদন করছেন কঙ্গনা রনৌত। পরনে শাড়ি, ঐতিহ্যবাহী গয়না আর কপালে ছোট্ট টিপ। যাকে বলে একেবারে দেশি লুক। ক্যাপশনে লিখেছেন, ‘(হ্যাশট্যাগ) গান্ধীজয়ন্তীতে আমি আমাদের দেশের সংস্কৃতি আর ঐতিহ্যকে সালাম জানাতে চাই।’

নিজের ছবি দিয়ে খাদির পুনর্জাগরণের প্রয়োজনীয়তা বিষয়ে লিখলেন কঙ্গনা রনৌত। ছবি: টুইটার থেকে নেওয়া
নিজের ছবি দিয়ে খাদির পুনর্জাগরণের প্রয়োজনীয়তা বিষয়ে লিখলেন কঙ্গনা রনৌত। ছবি: টুইটার থেকে নেওয়া

এরপরই কঙ্গনা লিখেছেন, ‘একটা টেকসই পৃথিবীর জন্য খাদির পুনর্জাগরণ ও খাদিকেন্দ্রিক টেক্সটাইল ইন্ডাস্ট্রির বিকল্প নেই।’

কঙ্গনা রনৌত বরাবরই জাতীয় ও রাজনৈতিক যেকোনো বিষয়ে সরব। রীতিমতো সংবাদ সম্মেলন করে তাঁর অবস্থান জানান দেন। বর্তমানে তিনি ব্যস্ত আছেন ‘তালাইভি’-খ্যাত জনপ্রিয় দক্ষিণি অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়ললিতা জয়রামের ‘বায়োপিক’ নিয়ে। ‘তালাইভি’ নামের ছবিটি তামিল, তেলেগু ও হিন্দি—তিন ভাষায় মুক্তি দেওয়া হবে। এই ছবির জন্য প্রসথেটিকস মেকআপ খুবই গুরুত্বপূর্ণ।

প্রসথেটিকস মেকআপের কিছু ছবি সামনে এনেছেন বোন রঙ্গোলি চান্ডেল। ছবি: টুইটার থেকে নেওয়া
প্রসথেটিকস মেকআপের কিছু ছবি সামনে এনেছেন বোন রঙ্গোলি চান্ডেল। ছবি: টুইটার থেকে নেওয়া

এ জন্য মেকআপ আর্টিস্ট হিসেবে শিল্পী আনা হয়েছে হলিউড থেকে। নাম জেসন কলিন্স। তিনি ‘ক্যাপ্টেন মার্ভেল’, ‘ব্লেড রানার’ বা ‘হাঙ্গার গেমস’-এর মতো বিখ্যাত চলচ্চিত্রের মেকআপে প্রসথেটিকসের কাজ করেছেন। এর মধ্যে কঙ্গনা রনৌত উড়াল দিয়েছিলেন মার্কিন মুলুকে, লস অ্যাঞ্জেলসে শুটিং শুরু হওয়ার আগে নিজের ‘লুক’ ঝালাই করে নেওয়ার জন্য। সেই প্রসথেটিকস মেকআপের কিছু ছবি সামনে এনেছেন বোন রঙ্গোলি চান্ডেল। টুইটারে শেয়ার করেছেন সেই সব ছবি।

‘তালাইভি’ ছবির চিত্রনাট্য লিখেছেন কে ভি বিজয়েন্দ্র প্রসাদ এবং রজত আরোরা, যাঁরা যথাক্রমে ‘বাহুবলী’ ও ‘দ্য ডার্টি পিকচার’ ছবির চিত্রনাট্য লিখেছেন। আর ছবিটি পরিচালনা করবেন এ এল বিজয়। এই ছবিতে তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী ও অন্যতম জনপ্রিয় অভিনেতা এম জি রমচন্দ্রনের চরিত্রে দেখা যাবে অরবিন্দ স্বামীকে।