খুদে প্রতিভা খোঁজার ফাইনালে গোবিন্দ আর কারিশমার ঝলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ড্যান্স ড্যান্স জুনিয়র’ রিয়েলিটি শোর ফাইনালে থাকবে বলিউডের একসময়ের জনপ্রিয় জুটি গোবিন্দ আর কারিশমা কাপুরের নাচের ঝলক। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
‘ড্যান্স ড্যান্স জুনিয়র’ রিয়েলিটি শোর ফাইনালে থাকবে বলিউডের একসময়ের জনপ্রিয় জুটি গোবিন্দ আর কারিশমা কাপুরের নাচের ঝলক। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

‘বাংলার আনাচকানাচে লুকিয়ে থাকা খুদে ড্যান্সিং ট্যালেন্টদের খুঁজে নিতে আসছেন মিঠুন চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও সোহম চক্রবর্তী; ড্যান্স ড্যান্স জুনিয়র-এ।’ গত বছরের সেপ্টেম্বর মাসে স্টার জলসার টুইটার পেজে এভাবেই লেখা হয়েছিল। ২১ সেপ্টেম্বর থেকে এই রিয়েলিটি শোর প্রচার শুরু হয়। আগামীকাল শনিবার ও পরশু রোববার রাত সাড়ে ৮টায় প্রতিযোগিতার ফাইনাল দেখতে পাবেন দর্শক।

স্টার জলসা থেকে টুইটার, ইনস্টাগ্রাম আর ফেসবুকের মাধ্যমে জানানো হয়েছে, ‘ড্যান্স ড্যান্স জুনিয়র’-এর ফাইনালকে আকর্ষণীয় করার জন্য বিশেষ পরিকল্পনা করা হয়েছে। এবার এই অনুষ্ঠানের মূল আকর্ষণ বলিউডের একসময়ের জনপ্রিয় জুটি গোবিন্দ আর কারিশমা কাপুর। তাঁরা যেমন অতিথি বিচারকের আসনে বসবেন, তেমনি থাকবে তাঁদের পরিবেশনা। দর্শক আবারও দেখতে পাবেন সেই পুরোনো জাদু। এ ছাড়া আরও নাচবেন এই প্রতিযোগিতার নিয়মিত বিচারক মিঠুন চক্রবর্তী, শ্রাবন্তী ও সোহম।

‘ড্যান্স ড্যান্স জুনিয়র’-এর ফাইনালে অংশ নিচ্ছে স্মৃতি, প্রতীতি, সোহন, রিমঝিম ও সৃজন। এই প্রতিযোগীদের মধ্য থেকে যে কেউ চ্যাম্পিয়ন হওয়ার মতো যোগ্যতা রাখে, এমনটাই মনে করছেন বিচারকেরা।

পিঠের ব্যথার কারণে ছোট পর্দা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বলিউডের সুপারস্টার ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। কিছুটা সুস্থ হয়ে আবার ফিরে আসেন। অনেক দিন জি বাংলার রিয়েলিটি শোর সঙ্গে জড়িত থাকলেও ফিরে এসে যুক্ত হন স্টার জলসার সঙ্গে। এই রিয়েলিটি শোর নাম ‘ড্যান্স ড্যান্স জুনিয়র’।