খেলতে গিয়ে গুরুতর আহত রিতেশ দেশমুখ

বলিউডের তারকারা শুধু যে ক্রিকেট দল কেনেন তা-ই নয়, খেলেনও। সম্প্রতি মুম্বাইয়ে সেলিব্রেটি ক্রিকেট লিগের ‘মুম্বাই হিরোজ’ দলের ক্যাপ্টেন অভিনেতা রিতেশ দেশমুখ খেলার সময় মাঠে একটি বাউন্ডারি ঠেকাতে গিয়ে পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছেন।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, খেলার আগের দিন প্র্যাকটিসের সময়েও রিতেশ তাঁর পায়ে আঘাত পেয়েছিলেন। আর শনিবার মাঠে খেলার সময় একটি বাউন্ডারি ঠেকানোর চেষ্টা করার এক মুহূর্তে পড়ে যান তিনি। পড়ে যাওয়ার কারণে এই অভিনেতা তাঁর পায়ের গোড়ালি ও মাংসপেশিতে প্রচণ্ড আঘাত পান। সূত্রটি আরও জানিয়েছে, রিতেশের পায়ের আঘাতটি গুরুতর।
গুরুতর আহত হওয়ার কারণে মাঠে পড়ে যাওয়ার পর সেখান থেকে রিতেশ উঠতেই পারছিলেন না। পরে তাঁর দলের অন্য সদস্যদের সহায়তায় মাঠ ছাড়েন তিনি। এরপর যে হোটেলে তাঁর দল ‘মুম্বাই হিরোজ’ উঠেছিল, সেই হোটেলে ফেরেন রিতেশ।
সূত্রটি জানিয়েছে, হোটেলে বেশ কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরেও হাঁটতে পারছিলেন না তিনি।
যা-হোক, ‘মুম্বাই হিরোজ’ দলের বিকাশ কাপুর জানিয়েছেন, যদিও রিতেশের আঘাতটা গুরুতর ছিল, কিন্তু এখন তিনি ক্রমশ সেরে উঠছেন। মিড-ডে।