খ্যাতির বিড়ম্বনায় আমির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খান
আমির খান

তারকা খ্যাতি যে শুধু উপভোগের তা নয়, মাঝেমধ্যে এই খ্যাতির কারণে বিড়ম্বনাও ঘটে। আর কে না জানে, বিড়ম্বনা আদৌ কোনো উপভোগের বিষয় নয়। দিনকয়েক আগে বলিউডের তারকা অভিনেতা আমির খান পড়েছিলেন এমনই এক অস্বস্তিকর পরিস্থিতিতে।
সম্প্রতি বলিউডের নতুন একটি ছবির শুটিংয়ের কাজে ভারতের লুধিয়ানায় গিয়েছিলেন আমির খান। সেখানে এ অভিনেতার ‘দঙ্গল’ ছবিটির শুটিং চলছিল। ছবির শুটিংয়ের একপর্যায়ে কাজের বিরতিতে বিশ্রামের জন্য আমির খান ফিরছিলেন তাঁর ভ্যানিটি ভ্যানে। কিন্তু ‘আমির খান এসেছেন’—এ খবর মুহূর্তে চাউর হয়ে যাওয়ায় আমির যখন তাঁর ভ্যানিটি ভ্যানের দিকে রওনা হয়েছিলেন, সেই ফেরার সময়টিতে এ অভিনেতার পথ রোধ করে দাঁড়িয়েছিল লুধিয়ানার স্থানীয় হাজারো আমির-ভক্তরা। ভিড় করে আসা জনতার একটাই উদ্দেশ্য—আমিরের দর্শন লাভ।
এদিকে আমিরের দিকে ছুটে আসা ভক্তদের ভিড় সামলাতে নাস্তানাবুদ হতে হয়েছে আমির খানের নিরাপত্তাকর্মীদের। আমিরের জন্য পথ করে দেওয়ার শত অনুরোধেও কোনো কাজ হয়নি। উপরন্তু পরিস্থিতি একপর্যায়ে যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, সে সময় আমির খানকে নিয়ে সরে যান এ অভিনেতার নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত কর্মীরা।
বাস্তবতা হচ্ছে, দীর্ঘ সময় ধরে নানা অনুরোধ করেও ভক্তদের ভিড় সরিয়ে আমির খানকে নিয়ে কোনোভাবেই ভ্যানিটি ভ্যানের কাছে পৌঁছাতে পারেননি তাঁর নিরাপত্তাকর্মীরা। এর কারণ একটাই, পুরো পথজুড়ে দাঁড়িয়েছিল এই তারকা অভিনেতার ভক্তরা।
আমির খানের ভক্তরা এ অভিনেতাকে এক নজর দেখার জন্য এমন ভিড় করেছিলেন যে শুটিং থেকে ফিরে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার পরও আমিরের পক্ষে তাঁর ভ্যানিটি ভ্যানে ফেরা আর সম্ভব হয়নি। পরিস্থিতি ক্রমেই আরও গুরুতর হওয়ায় অবশেষে আর কোনো উপায় না পেয়ে আমিরকে শেষতক আশ্রয় নিতে হয়েছিল স্থানীয় একজনের বাড়িতে।
যা হোক, শুটিং শেষ হওয়ার বেশ কয়েক ঘণ্টা পরেই কেবল নিরাপত্তাকর্মীদের সহায়তায় আমির খান কোনোক্রমে তাঁর ডেরায় ফিরতে সক্ষম হয়েছিলেন। টাইমস অব ইন্ডিয়া। ইন্দো-এশিয়ান নিউজ।