গর্বিত ভাই অর্জুন

আগামীকাল শুক্রবার মুক্তি পাবে রাকেশ ওমপ্রকাশ মেহরার ছবি ‘মির্জা’। এই ছবির মাধ্যমেই অভিষেক ঘটতে যাচ্ছে অনিল কাপুর পুত্র হর্ষবর্ধনের। মুক্তির আগেই এই ছবির উদ্বোধনী প্রদর্শনীতে হাজির হয়েছিলেন অনিল কাপুরের ভাতিজা অর্জুন কাপুর। চাচাতো ভাই হর্ষের অভিনয় দেখে তিনি রীতিমতো মুগ্ধ। ‘মির্জা’ দেখার পর ভাইকে নিয়ে নাকি গর্ব হচ্ছে বলিউড অভিনেতা অর্জুনের।
‘মির্জা’ দেখার পর ‘ইশাকজাদে’ তারকা অর্জুন টুইটারে লিখেছেন, ‘ভাই হিসেবে তুমি আমাকে গর্বিত করেছ হর্ষবর্ধন। তোমার এই প্রতিভা সবার দেখা উচিত। এখন কোমর বেঁধে নেমে পড়ো, আর এর চেয়েও বেশি পরিশ্রম করো। অনিল কাপুর যেমন পরিশ্রমী ঠিক সে রকম।’
দিন কয়েক আগে একটি সাক্ষাৎকারে অর্জুন বলেছিলেন তাঁর জীবনে চাচা অনিল কাপুরের কতটা প্রভাব আছে। অনিলের অভিনয়ে চমৎকৃত হলেও অর্জুনকে টানে মূলত অনিলের চারিত্রিক বৈশিষ্ট্য আর জীবনযাপনের ধরন। বলিউড বাবল।