গাইবেন আরও একটি গান

‘ঠোঁট যখন মেলাতেই হবে, তখন নিজের কণ্ঠেই মেলাও না বাপু।’ প্রযোজক ফারহান আকতারের কথায় রাজি হয়ে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তাঁর নতুন ছবি ‘রক অন টু’-এর জন্য ইতিমধ্যে দুটো গানে কণ্ঠ দিয়েছেন এই অভিনেত্রী। হঠাৎ সিদ্ধান্ত হয়, দুটো গানে চলবে না, আরও একটি গান গাইতে হবে তাঁকে।
ছবিসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, দুটো গানে কণ্ঠ দেওয়ার কথা ছিল শ্রদ্ধা কাপুরের। পরে আকস্মিকভাবে সিদ্ধান্ত হয়, আরও একটি গান যোগ করা হবে। সেটিও গাইতে হবে তাঁকেই। আর ছবির সেই গানটিতে তিনিই ঠোঁট মেলাবেন। শেষ সময়ে সিদ্ধান্ত বলে খুব বেশি সময় নেই হাতে। যে কোনো সময় স্টুডিওতে ঢুকতে হবে শ্রদ্ধাকে। চলছে প্রস্তুতি।
শ্রদ্ধার শেষ ছবি ‘বাগি’-নিয়ে উচ্ছসিত প্রশংসা করতে দেখা গেছে ফারহান আকতারকে। সূত্রটি জানিয়েছে, ফারহানের অনুরোধে সাড়া দিয়ে নিজের ছবির জন্য নিজেই গান করেছেন শ্রদ্ধা। এ জন্য সেলিব্রিটি ভোকাল কোচ সামান্তা এডওয়ার্ডের কাছে প্রশিক্ষণও নিতে শুরু করেন তিনি। এই কোচের কাছেই কণ্ঠের প্রশিক্ষণ নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে এসব বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি শ্রদ্ধা বা ফারহানদের কেউ। মিড ডে