গানের কোরিওগ্রাফি করতে গিয়ে ঘুম হারাম হয়েছিল বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফারদের

বলিউডের অসংখ্য গান আছে, যা নাচের জন্য যথার্থ। পর্দায় আমরা তারকাদের সেসব গানের সঙ্গে নাচের তাল মেলাতে দেখি। একেকটি গানের নাচ তোলার পেছনে থাকে তারকা ও কোরিওগ্রাফারদের অনেক দিনের পরিশ্রম। আজ বিশ্ব নৃত্য দিবসে বলিউডের কয়েকজন জনপ্রিয় কোরিওগ্রাফার জানিয়েছেন তাঁদের ক্যারিয়ারের কঠিনতম কোরিওগ্রাফির কথা।

প্রবীণ কোরিওগ্রাফার সরোজ খান নাচে ভীষণ পারদর্শী। ‘এক দো তিন’, ‘চোলি কা পিছে’, ‘হাওয়া হাওয়াই’সহ অগণিত হিট গানের কোরিওগ্রাফার তিনি। কিন্তু এই অভিজ্ঞ ব্যক্তি কিনা সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ (২০০২) ছবির ‘ডোলা রে’ গানের কোরিওগ্রাফি করতে গিয়ে খুব হিমশিম খেয়েছিলেন। এই জনপ্রিয় গানের সঙ্গে মূল নৃত্যশিল্পী ছিলেন মাধুরী দীক্ষিত ও ঐশ্বরিয়া রাই বচ্চন।

আর আহমেদ খানের জন্য সবচেয়ে কঠিন ছিল সালমান খানকে নাচানো। এই নায়কের সঙ্গে আগে তেমন কোনো কাজের অভিজ্ঞতা ছিল না আহমেদের। তাই সাল্লুকে কীভাবে সামলাবেন বুঝে উঠতে পারছিলেন না। ২০১৪ সালে সালমানের ‘কিক’ ছবির ‘জুম্মা কি রাত’ গানের কোরিওগ্রাফি করেছিলেন আহমেদ। এটি নব্বইয়ের দশকে অমিতাভ বচ্চনের ‘জুম্মা চুম্মা’ গান থেকে অনুপ্রাণিত। এ জন্য নাকি এই গান কোরিওগ্রাফি করতে গিয়ে আরও বেশি নার্ভাস হয়ে গিয়েছিলেন আহমেদ খান।

অ্যাশলে লোবো বলিউডের আরেকজন জনপ্রিয় কোরিওগ্রাফার। পেশাজীবনে তাঁর কাছে সবচেয়ে কঠিন লেগেছে ‘রকস্টার’ ছবির ‘নাদান পারিন্দে’ গানের কোরিওগ্রাফি। কারণ রণবীর কাপুরকে নিয়ে সেই গানের শুটিং করতে হয়েছিল হায়দরাবাদের একটি স্টেডিয়ামে। প্রায় পাঁচ হাজার লোকের ভিড় ছিল সেখানে। তাঁদের সালমাতে অ্যাশলের টিমের ১৬ জন লোককে মাঠে নামতে হয়েছিল। অ্যাশলের কাছে এ গানের কোরিওগ্রাফি চিরস্মরণীয়। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।