গানের জন্য আদালতে গোবিন্দ-শিল্পা!

ঘটনা প্রায় ২০ বছর আগের। গানে গানে শিল্পা শেঠিকে চুমু দিতে বলেছিলেন গোবিন্দ৷ কিন্তু তখন কী গোবিন্দ জানতেন, এই চুমুই তাঁকে দেখাবে আদালতের দরজা! শুধু গোবিন্দ কেন, এ রকমটি হবে স্বপ্নেও ভাবেননি শিল্পা শেঠি৷ ভাবেননি ‘ছোটে সরকার’ ছবির পরিচালক বিমল কুমার, গায়ক উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক, গীতিকার রানি মালিক!
গোবিন্দ-শিল্পা শেঠি অভিনীত ‘ছোটে সরকার’ ছবির একটি গান ‘এক চুম্মা তু মুঝকো উধার দে দে’ নিয়ে শুরু হয় বিতর্ক। এই গানের একটি লাইনে বিহারের কথা টানা হয়৷ আর সেখান থেকেই শুরু বিবাদের৷ এই গানে ব্যবহার করা ‘বিহার’ শব্দটি নিয়ে আপত্তি দেখিয়ে ঝাড়খন্ডের পাকুর আদালতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়৷ অভিযোগ করা হয়, এতে বিহার ও বিহারের মানুষদের সম্মানে আঘাত লেগেছে। সেই মামলার শুনানিতে গোবিন্দ ও শিল্পা শেঠিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত৷
জানা গেছে, চলতি বছরের ৩০ জুন এই মামলার শুনানি হয়। কিন্তু সেখানে অভিনেতারা হাজির ছিলেন না৷ ফের মামলার শুনানি হয় জুলাই মাসে। আদালতের নির্দেশ অমান্য করে সেই শুনানিতেও হাজির ছিলেন না গোবিন্দ ও শিল্পা৷ আগামীকাল ১৮ অক্টোবর মামলার শুনানিতে ‘ছোটে সরকার’ টিম যদি হাজির না থাকে, তাহলে ছবির অভিনেতা-অভিনেত্রী ও গায়ক-গায়িকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ দেবেন আদালত৷ গ্লোবাল এক্সপ্রেস নিউজ।