গানের পরীক্ষায় পাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিষেক বচ্চন
অভিষেক বচ্চন

পরীক্ষায় উতরে যাওয়া খুশির বিষয়ই বটে। আর যদি সে পরীক্ষার বিষয় হয় সংগীত এবং সে গান শুনে বিচারকের মন্তব্য করেন লতা মুঙ্গেশকর তাহলে? পাস করাটা এ ক্ষেত্রে নিঃসন্দেহে আনন্দের। সম্প্রতি সংগীতবিষয়ক এক রিয়েলিটি শোতে গান গেয়ে এমনই এক পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর আর তরুণ তুর্কি অভিষেক বচ্চন। দুজনের গান শুনে টুইটারে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন লতা। আর এ লতার প্রশংসার পরে আনন্দে ডগমগ অভিষেক টুইটারে যা লিখেছেন তার অর্থ হচ্ছে— পরীক্ষায় পাস! উতরে গেছি!!!
ঘটনা হচ্ছে— গান নিয়ে আয়োজিত এক টিভি রিয়েলিটি শোতে সম্প্রতি অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ঋষি কাপুর আর অভিষেক বচ্চন। সে অনুষ্ঠানের এক পর্যায়ে মঞ্চে এসে গানও গাইতে হয়েছে তাঁদের। দুজনেই তাঁদের অভিনীত ছবির গান গেয়েছেন। ঋষি কাপুর গেয়েছেন তাঁর প্রথম ছবি ‘ববি’র গান ‘ম্যায় সায়ের তো নেহি’। আর অভিষেক গেয়েছেন ‘ব্লাফমাস্টার’ ছবির তাঁর গাওয়া গান ‘রাইট হিয়ার রাইট নাউ’।
টিভিতে অনুষ্ঠান দেখার সময় এ দুজনের গান শুনে সংগীত কিংবদন্তি লতা টুইটারে লিখেছেন— ‘দিনকয়েক আগে ইন্ডিয়ান আইডল জুনিয়র-এর অনুষ্ঠান দেখছিলাম। ঋষি কাপুর আর অভিষেক ছিল সে অনুষ্ঠানে। দুজনেই প্রত্যেক প্রতিযোগীর পরিবেশনা উপভোগ করছিল। যখন ঋষি কাপুরকে মঞ্চে গান করার জন্য ডাকা হলো আর সে ‘ম্যায় সায়ের তো নেহি’ এই গান গাইতে শুরু করল। আমি রীতিমতো বিস্মিত হয়ে পড়েছিলাম। জানতামই না কি অসাধারণ সুরেলা কণ্ঠ তাঁর। এরপরেই গান গেয়েছিল অভিষেক। সে সত্যিই চমৎকার গেয়েছিল। আমার শুভেচ্ছা রইল তাদের জন্য।
টুইটারে লতা মুঙ্গেশকরের এমন প্রশংসার পর অভিষেক বচ্চন এখন এক রকম হাওয়ায় উড়ছেন। কে জানে হয়তো ভবিষ্যতে সংগীতকেই পেশা হিসেবে নিতে পারেন বলিউডের ‘ব্লাফমাস্টার’ তারকা অভিষেক।