গাড়িতে কেন কম্বল নিয়ে ঘোরেন জাহ্নবী
জিম, রেস্তোরাঁ, বিমানবন্দর—কোথায় নেই তারা! তারকাদের প্রতিটি পদক্ষেপ ক্যামেরাবন্দী করতে এমনকি তাঁদের বাসার সামনে পর্যন্ত রীতিমতো ওত পেতে বসে থাকেন পাপারাজ্জিরা। পাপারাজ্জিদের চোখে ধুলা দেওয়ার অত্যুত্তম একটা পদ্ধতি উদ্ভাবন করেছেন বলিউড নায়িকা জাহ্নবী কাপুর। এটাকে বলা যেতে পারে কম্বল তরিকা।
টেলিভিশন শো স্টার ভার্সেস ফুডের দ্বিতীয় মৌসুমে জাহ্নবী কাপুরকে শিগগিরই দেখা যাবে। এই শোতেই মজার এই পদ্ধতির বিস্তারিত ব্যাখ্যা করে বলেন শ্রীদেবীকন্যা। তার আগে অবশ্য পরিষ্কার করে এটা জানাতেও ভোলেনিন যে সংবাদমাধ্যমের সামনে আসতে তাঁর কোনো সমস্যা নেই। তবে সব সময় ক্যামেরার নজরদারির মধ্য থাকতে কার ভালো লাগে বলুন!
তাই অনেকবারই পাপারাজ্জিদের দেখেই লুকিয়ে পড়েছেন এই বলিউড নায়িকা। আর এ জন্য গাড়িতে একটা কম্বল রাখেন তিনি। এটা দিয়ে নিজেকে আপাদমস্তক মুড়িয়ে গাড়ির ডিকিতে লুকিয়ে পড়েন, চিত্রগ্রাহকেরা তাঁকে আর খুঁজে পান না।
এ প্রসঙ্গে চিত্রগ্রাহকদের হাত থেকে জাহ্নবীর নিজেকে রক্ষা করার একটি মজার ঘটনা জানিয়েছেন তাঁর ট্রেইনার নম্রতা। নম্রতা বলেন, ‘জাহ্নবী আমাকে বলেছিল, “নমো, তোমাকে আমার একটা সাহায্য করতে হবে। ওরা যাতে আমাকে দেখতে না পায়, আর আমার ছবি তুলতে না পারে।” আমি তখন জাহ্নবীর গাড়িটা অন্য দিকে পাঠিয়ে দিই। আর আমার গাড়িতে ওকে বসাই। কিন্তু তারপরও ক্যামেরাম্যানরা বুঝে ফেলেন। আর আমাদের অনুসরণ করতে থাকেন। সারা রাস্তা মনে হচ্ছিল, আমি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ছবির অংশ।’
এ প্রসঙ্গে জাহ্নবী আরও বলেন, ‘তাঁরা বাইকে চেপে আমাদের অনুসরণ করছিলেন। আর আমরা গাড়িতে এদিক-ওদিক সটকে পড়ছিলাম। এরপর আমরা একটা অন্ধকার জায়গা দেখে গাড়ি দাঁড় করাই। চুপিসারে আমি গাড়ির ডিকিতে লুকিয়ে পড়ি। আমি যখন চাই ক্যামেরাম্যানরা আমাকে না দেখুক, তখনই নিজেকে কম্বলে মুড়িয়ে লুকিয়ে পড়ি।’
জাহ্নবীকে শেষ পর্দায় দেখা গেছে রাজকুমার রাওয়ের সঙ্গে রুহী ছবিতে। শিগগিরই তাঁকে গুডলাক জেরি সিনেমায় দেখা যাবে। এ ছাড়া দোস্তানা টু আর মিলি ছবিতে অভিনয় করছেন জাহ্নবী।