গায়িকা ঐশ্বরিয়ার অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐশ্বরিয়া রাই বচ্চন
ঐশ্বরিয়া রাই বচ্চন

কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় ঐশ্বরিয়া রাই বচ্চনের অপার সৌন্দর্য সবার নজর কেড়েছে। এবার তাঁর হাজার হাজার অনুরাগী সাবেক বিশ্বসুন্দরীকে এক নতুন রূপে দেখতে চলেছেন। বলিউডে জোর রব, রাকেশ ওমপ্রকাশ মেহরার আগামী ছবি ‘ফ্যানি খান’-এ গায়িকা হিসেবে অভিষেক হতে চলেছে এই অভিনেত্রীর।

রাকেশের এই ছবিতে ঐশ্বরিয়া জুটি বাঁধছেন বলিউড সুপারস্টার অনিল কাপুরের সঙ্গে। ১৭ বছর পর আবার এই জুটিকে একসঙ্গে রুপালি পর্দায় দেখতে পাবেন দর্শক। ঐশ্বরিয়া-অনিলকে পর্দায় শেষ একসঙ্গে দেখা গিয়েছিল ২০০০ সালে ‘হামারা দিল আপকে পাস হ্যায়’ ছবিতে। এর আগে সুভাষ ঘাইয়ের ‘তাল’ ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেন।

‘ফ্যানি খান’ ছবিটির সহপ্রযোজক প্রেরণা আরোরা বলেন, ‘অনিল কাপুরকে এই ছবিতে একজন গায়কের চরিত্রে দেখা যাবে। তাঁর কণ্ঠে কিছু গানও শোনা যাবে এখানে। অনিলই পরামর্শ দিয়েছেন, অ্যাশ যেন ছবিতে একটা হলেও গান গায়। যদি ঐশ্বরিয়া রাজি হন, তো আমি নিশ্চিত, এ ক্ষেত্রেও উনি সফল হবেন।’

প্রেরণা আরও বলেন, আগামী মাস থেকে ছবির শুটিং শুরু হবে। আগস্টের প্রথম সপ্তাহ থেকে অনিলকে নিয়ে শুটিং শুরু হবে। ঐশ্বরিয়া শুটিংয়ে যোগদান করবেন আগস্ট মাসের শেষের দিকে। অক্টোবরের মধ্যে ছবির সম্পূর্ণ শুটিংয়ের কাজ শেষ হয়ে যাবে। ‘ফ্যানি খান’ ছবিতে সাবেক বিশ্বসুন্দরীর অভিনীত চরিত্র সম্পর্কে তিনি বলেন, ঐশ্বরিয়াকে এই ছবিতে সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে দেখা যাবে। এই চলচ্চিত্রে এক নতুন অ্যাশকে আবিষ্কার করবেন দর্শক।

‘ফ্যানি খান’ ছবিটি পরিচালনা করবেন অতুল মাঞ্জেরেকর। পরিচালক হিসেবে ‘ফ্যানি খান’-ই হবে তাঁর প্রথম পরিচালিত হিন্দি ছবি। এই ছায়াছবিটি ডমিনিক ডেরুডেরস পরিচালিত ইংরেজি ছবি ‘এভরিবডি ফেমাস’-এর রিমেক। মিউজিক্যাল কমেডিভিত্তিক এই ছবিতে অনিল কাপুরকে দেখা যাবে এক উঠতি গায়িকার বাবার ভূমিকায়।