গায়ে জ্বর, পিঠে যন্ত্রণা, তারপরও শুটিংয়ে অক্ষয়

গায়ে জ্বর। পিঠে অসহ্য ব্যথা। কিন্তু তা নিয়েই ‘গুড নিউজ’ ছবির জন্য উদ্দাম নাচ নেচেছেন অক্ষয় কুমার। বলিউডের এই সুপারস্টারের পেশাদারত্ব আর নিষ্ঠা দেখে অবাক এই ছবির পরিচালক রাজ মেহতা।
জানা গেছে, সম্প্রতি ‘গুড নিউজ’ ছবির প্রচারণার জন্য একটি গান শুট করেন অক্ষয় কুমার। তখন তাঁর গায়ে ছিল প্রবল জ্বর আর পিঠে অসহ্য যন্ত্রণা। তবুও শুটিং থেকে সরে যাননি। রাজ মেহতা বলেন, ‘শুটিংয়ের আগের দিন সারা রাত জ্বরে ভুগেছেন অক্ষয় কুমার। ভাবতেই পারিনি শুটিংয়ে আসতে পারবেন। কিন্তু পর দিন জ্বর নিয়েই শুটিং করেছেন। বক্সারের কোরিওগ্রাফি পুরোপুরি রপ্ত করেছেন তিনি। পুরো এনার্জি নিয়ে নাচ নেচেছেন। দেখে মনে হয়নি তিনি এতটা অসুস্থ। কাট বলার পর দেখি অক্ষয় পিঠের যন্ত্রণায় কাতরাচ্ছেন।’
রাজ মেহতা আরও বলেন, ‘অক্ষয়ের ২৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তাঁর পেশাদারত্ব, নিষ্ঠা আর একাগ্রতা নিয়ে অনেক গল্প শুনেছি। এবার তার সাক্ষী হয়ে থাকলাম।’
কয়েক মাস আগে অক্ষয় কুমার ওয়ার্ক আউটের সময় পিঠে চোট পান। এখনো মাঝেমধ্যেই তাঁর পিঠে ব্যথা হয়। তাই ‘গুড নিউজ’ ছবির নির্মাতারা অক্ষয়ের জন্য সেটে একজন ফিজিওথেরাপিস্ট নিয়োগ করেন। এত যন্ত্রণা সত্ত্বেও নির্ধারিত সময়ের আগেই অক্ষয় ছবির শুটিং শেষ করেছেন।
শিগগিরই ‘গুড নিউজ’ ছবির এই গান মুক্তি পাবে। কমেডি ধাঁচের এই ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, কারিনা কাপুর খান, কিয়ারা আদভানি এবং দিলজিত দোসাঞ্জ। ‘গুড নিউজ’ ছবিটি আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পাবে।