গির্জায় কান্নায় ভেঙে পড়লেন ক্যাটরিনা!

ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফ

‘ফিতুর’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এ ছবির প্রতি তাঁর আগ্রহ নানা কারণে। দিনকয়েক আগে ক্যাটরিনা জানিয়েছিলেন, ‘ফিতুর’ ছবির কাহিনির প্রেমে পড়েছেন তিনি। গতকাল মুম্বাইয়ের বান্দ্রার একটি চার্চ বা গির্জায় ক্যাটরিনাকে ঢুকতে দেখে তাঁকে অনুসরণ করেছিল মুম্বাইয়ের একটি অনলাইন সংবাদমাধ্যম। চার্চে ঢুকে মা মেরির বেদির কাছাকাছি হতেই নাকি কান্নায় ভেঙে পড়েন এ অভিনেত্রী।

গির্জায় ঢোকার সময় ক্যাটরিনা কাইফকে খুব বিষণ্ন দেখাচ্ছিল বলেও জানিয়েছে ওই সূত্রটি। ক্যাটরিনাকে অনুসরণ করে যে আলোকচিত্রী তাঁর পেছন পেছন সেখানে ঢুকেছিলেন, তাঁকে ছবি তুলতে বারণ করা হয়েছিল।

বিষণ্ন ক্যাটরিনার কান্নার সঠিক কারণটি অবশ্য কেউ জানেন না। বলিউডের ক্যারিয়ারে দীপিকার পাশাপাশি ক্যাটরিনা এখনো তাঁর অবস্থান ধরে রেখেছেন। এ সংক্রান্ত কোনো হতাশা না থাকাই স্বাভাবিক। কিন্তু ব্যক্তিজীবনে রণবীরের সঙ্গে কোনো সাম্প্রতিক ঝামেলাই কী ক্যাটের এই বিষণ্নতা আর কান্নায় ভেঙে পড়ার কারণ? এই প্রশ্নের সঠিক উত্তর একমাত্র ক্যাটরিনাই দিতে পারবেন।

২০১৪ সালের শেষের দিক থেকেই রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ এক ছাদের নিচে একসঙ্গেই থাকছেন। মুম্বাইয়ের কার্টার রোডে এই জুটি তাঁদের নতুন বাড়িতে উঠে পড়েছেন গত বছরের নভেম্বর মাসের শুরুর দিকে।

২০০৯ সালে ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবিতে জুটি বেঁধে অভিনয়ের সময় থেকেই প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর-ক্যাটরিনা। এ দুজনের প্রেম কবে পরিণতি পাচ্ছে সে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, এ বছরের ফেব্রুয়ারি মাসের দিকে তাঁরা বিয়ে করবেন। কিন্তু এখনো তাঁদের দুজনের কেউই বিয়ে নিয়ে আর কোনো তথ্য জানাননি। টাইমস অব ইন্ডিয়া। ওয়ান ইন্ডিয়া।