গুজবে ক্লান্তি

যাঁর বিয়ে তাঁর খোঁজ থাকে না, পাড়া–পড়শিরাই নির্ঘুম রাত কাটান। যাঁর ছবি করার কথা, তিনি নিজেই জানেন না। অথচ খবরের ধুম। প্রথমে শোনা গেল, পরিণীতি চোপড়া করছেন সুলতান। হাফ গার্লফ্রেন্ড-এও শোনা গেল তাঁর নাম। এবার শোনা যাচ্ছে, পরিণীতি অভিনয় করবেন ফারাহ খানের নতুন ছবিতে। নারীপ্রধান সেই ছবিতে পরিণীতির সঙ্গে নাকি থাকছেন আলিয়া ভাটও।
এ খবর শুনে আরও একবার আকাশ থেকে পড়লেন পরিণীতি, ‘আমি খুবই হতাশ, ফারাহও নিশ্চয়ই। প্রতিবারই একেকটা ছবির ঘোষণা আসে, খবর বেরোয় আমি নাকি তাতে কাজ করছি। জানি না, কেন এটা বারবার হচ্ছে। এই মুহূর্তে শুটিংটুটিং করছি না, এ কারণেই হয়তো লোকে ভাবছে, পরের ওই ছবিতেই আমি কাজ করব। সেখান থেকেই ছড়াচ্ছে এসব। কিন্তু আমি এসব গুজবে রীতিমতো ক্লান্ত।’
পরিণীতি আসলেই বেশ লম্বা ছুটি নিয়েছেন। কাজের পরিমাণ অনেক কমিয়েও দিয়েছেন। গত বছর তো একটিও ছবি মুক্তি পায়নি। পরিণীতি বললেন, ‘গত বছর ছুটি নিয়েছি। বাড়ি কিনেছি, সবকিছু গোছাতে হয়েছে। ছুটি শেষ। আবারও ফিরব কাজে। তবে সবাইকে জানিয়েই ফিরব।’ টিওআই।