গুলজারের রবীন্দ্রনাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘গুলজার ইন কনভারসেশন উইথ টেগোর’ প্রকাশনা অনুষ্ঠানে
‘গুলজার ইন কনভারসেশন উইথ টেগোর’ প্রকাশনা অনুষ্ঠানে

এ বছর মার্চ মাসে ঢাকায় এসেছিলেন ভারতীয় বিশিষ্ট লেখক গুলজার। ঐসময়ে প্রথম আলো প্রতিবেদক তার মুখে শুনেছেন গল্পটি, যখন তিনি আজকের গুলজার হয়ে ওঠেননি। ছিলেন শুধু পাকিস্তানের পাঞ্জাব থেকে ভারতে আসা ১৩-১৪ বছরের সম্পূরাণ সিং কালরা।

গল্পটা এমন: রাতে সময় কাটানোর জন্য এক লাইব্রেরি থেকে প্রতি রাতে ৪ আনার বিনিময়ে একটি করে বই ধার করতেন গুলজার। একদিন লাইব্রেরির প্রতিনিধি খুব ওপরের এক তাক থেকে একটা বই বের করে বাড়িয়ে দিলেন গুলজারের দিকে। সেই বইয়ে ডুবে গেলেন গুলজার। বইটি চুরি করে রেখেও দিলেন নিজের কাছে। গুলজারের জীবনের চুরি করা সেই বইটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার ইংরেজি সংকলন ‘দ্য গার্ডেনার’-এর উর্দু অনুবাদ।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘আগে রবীন্দ্রনাথকে হিন্দিতে অনুবাদ করতাম ইংরেজির অনুবাদ থেকে। মন বলছিল রবি ঠাকুরের মূল শব্দগুলোর গভীর সৌন্দর্য আমি পাচ্ছি না ইংরেজিতে৷ তাই বাংলা শেখা শুরু করলাম৷ ধীরে ধীরে রবীন্দ্রনাথ আমাকে দখল করে নিলেন৷ রাত-দিন শুধু বাংলা শিখতে শুরু করলাম তাঁকে ঠিকভাবে হিন্দিতে অনুবাদ করব বলে।’
সেই থেকে রবীন্দ্রনাথের প্রতি অনুরাগ গুলজারের। একসময় বাংলাও শিখেছেন মূলত রবীন্দ্রনাথের কারণে। রবীন্দ্রনাথ চর্চা করেছেন নিজের মধ্যে থেকে। তাঁর করা এমনই কিছু অনুবাদ এবার গান হিসেবে অ্যালবাম বন্দী করলেন শ্রেয়া ঘোষাল আর শান ৷
শান্তনু মৈত্রের সুরে ‘সারেগামা’ গত বুধবার প্রকাশ করল তাদের নতুন অ্যালবাম ‘গুলজার ইন কনভারসেশন উইথ টেগোর’৷ নতুন এ অ্যালবামে সাতটি গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল এবং শান৷ এর আগে শ্রেয়া ও শান আলাদাভাবে রবীন্দ্র সংগীতের অ্যালবাম করলেও এই নতুন ধরনের রবীন্দ্র সংগীত প্রযোজনায় যুক্ত হলেন তাঁরা ৷
রবীন্দ্রনাথের সাতটি কবিতা মূল বাংলা থেকে হিন্দিতে ভাষান্তরিত করেছেন গুলজার৷ এই নতুন অ্যালবামে তাই গুলজার আবিষ্কার করেছেন এক নতুন রবীন্দ্রনাথকে৷ এর আগে, গুলজার তাঁর অনুবাদ করা রবীন্দ্রনাথের কবিতার একটি সংকলনও প্রকাশ করেছিলেন গত বছর৷ প্রকাশনা অনুষ্ঠানে কবি গুলজার অ্যালবামটিকে তাঁদের ৪/৫ বছরের সমবেত চেষ্টার ফল হিসেব উল্লেখ করে বলেন, আমরা চাইছি সব ভারতীয়’র কাছে রবীন্দ্রনাথকে সমসাময়িক করে তুলে ধরতে।’ শ্রেয়া জানান, শৈশব থেকে রবীন্দ্রনাথ তাঁর জীবনের সঙ্গে মিশে আছে। নতুন এ অ্যালবামে নিজের অংশগ্রহণ প্রসঙ্গে শ্রেয়া বলেন, আমি আবেগে আপ্লুত হয়ে অনুভূতি জানানোর ভাষাই হারিয়ে ফেলেছি! রবীন্দ্রনাথ এবং গুলজার দুজনকেই শান তাঁর আইকন হিসেব উল্লেখ করে বলেন, তাদের রসায়নে এই অ্যালবামটি ভিন্নমাত্রা পেয়েছে।’
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।