গুলশান কুমারকে নিয়ে ছবি নির্মাণে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশান কুমার
গুলশান কুমার

ভারতের অডিও ইন্ডাস্ট্রির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব টি-সিরিজের কর্ণধার ও চলচ্চিত্র প্রযোজক গুলশান কুমারকে নিয়ে কাহিনিচিত্র তৈরির উদ্যোগ নিয়েছেন কমল আনন্দ। কিন্তু এই চলচ্চিত্র প্রযোজকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে টি-সিরিজ। প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়েছে, এরই মধ্যে এই কাজের ব্যাপারে জানতে পেরেছে টি-সিরিজ। বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। প্রয়াত এই সংগীত ব্যক্তিত্বকে নিয়ে কাউকে ছবি তৈরির অনুমতি দেওয়া হয়নি। যদি কেউ এমন কাজ করেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গুলশান কুমারকে নিয়ে ছবি তৈরির ব্যাপারে কমল আনন্দ এর আগে বলেছেন, গুলশান কুমারের সঙ্গে আমার অনেক দিনের যোগাযোগ ছিল। তাঁর দিল্লি থেকে মুম্বাই আসা, কঠিন জীবনসংগ্রাম, অডিও ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা, টি-সিরিজের নামকরণ, এইচএমভির সঙ্গে পাল্লা দিয়ে সফল হওয়া, এইচএমভি ছেড়ে জিমি নাথুলার টি-সিরিজে যোগদান, দ্রুত প্রচুর অর্থ ও বিত্তের মালিক হওয়া—এ সবকিছুই তিনি কাছ থেকে দেখেছেন। গুলশান কুমারের এই সাফল্যকে তিনি বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে চান। তাঁর মতে, ছবিটি বর্তমান প্রজন্মকে উদ্বুদ্ধ করতে বিশেষ ভূমিকা রাখবে।

কমল আনন্দ আরও জানিয়েছেন, গুলশান কুমারকে নিয়ে এই ছবিটি পরিচালনা করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী একজন পরিচালক। গুলশান কুমারের চরিত্রে অভিনয় করতে পারেন, এখন এমন কাউকে খুঁজছেন তিনি।

কিন্তু এখন জানা গেছে, গুলশান কুমারের জীবন নিয়ে ছবি তৈরি করবেন তাঁর ছেলে এবং টি-সিরিজের বর্তমান চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ভূষণ কুমার। কিছুদিন আগেই তিনি এই ছবি তৈরির ঘোষণা দিয়েছেন। তাঁর এই বায়োপিকের নাম ‘মগুল’।

১৯৯৭ সালের ১২ আগস্ট মুম্বাইর পশ্চিম আন্ধেরির জিত নগরের জিতেশ্বর মহাদেব মন্দিরে পূজা শেষে বেরিয়ে আসার সময় কাছ থেকে গুলি করে গুলশান কুমারকে হত্যা করা হয়। তখন বলা হয়, মুম্বাইর আন্ডারওয়ার্ল্ডের গডফাদার দাউদ ইব্রাহীমের নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটেছে। গুলশান কুমার নিহত হওয়ার পর তাঁর ভাই কৃষাণ কুমার টি-সিরিজের দায়িত্ব নেন।