গোপনীয়তা রক্ষার জন্য কঠোর নিরাপত্তা

‘থাগস অব হিন্দুস্তান’ ছবিতে আমির খানের লুক কেমন হচ্ছে? এবার তাঁর চুল, গোঁফ আর দাড়ি কেমন হবে? কোন দৃশ্যে তিনি কী করছেন? কে কে থাকছেন তাঁর সঙ্গে?—এমনই নানা কিছুর ব্যাপারে আগ্রহ রয়েছে দর্শকদের। কিন্তু এখনই দর্শকদের সব আগ্রহ মেটাতে চান না আমির খান। তিনি চান, সবকিছু দর্শক দেখবে প্রেক্ষাগৃহে গিয়ে। তাই শুটিংয়ের সময় সেটের নিরাপত্তা জোরদার করেছেন। অনাহূত কাউকে সেটে ঢুকতে দেওয়া হচ্ছে না। অনুমতি ছাড়া কেউ সেটে ঢুকতে পারবে না। সংশ্লিষ্ট যাঁরা ভেতরে আছেন, তাঁরা কেউ ছবি তুলতে পারবেন না। সেলফি তোলা একবারেই নিষেধ। আর তা নিশ্চিত করতে বাড়ানো হয়েছে নিরাপত্তারক্ষীর সংখ্যা।
দিন চারেক আগে ‘থাগস অব হিন্দুস্তান’ ছবিতে আমির খানের লুক সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, আমির খানের অগোছালো চুল আর বিশাল গোঁফ, মুখে দাড়ি, সঙ্গে ময়লা পোশাক, আনমনে কোথাও হেঁটে যাচ্ছেন। এরপর সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর খুব চটেছেন তিনি। এবার নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে নিজেই ভূমিকা নিয়েছেন।

জানা গেছে, আমির খান চান না, ছবি মুক্তির আগে তাঁর নতুন লুক যেন কোনোভাবেই আর প্রকাশিত না হয়। তাতে ছবিটির ব্যাপারে দর্শকদের আগ্রহ নষ্ট হয়ে যাবে। আর্থিক ক্ষতির মুখে পড়বে ছবিটি।
‘থাগস অব হিন্দুস্তান’ ছবিতে অভিনয় করছেন আমির খান, অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ। পরিচালনা করছেন বিজয় কৃষ্ণ আচার্য। যশরাজ ফিল্মস প্রযোজিত ছবিটি মুক্তি পাবে ২০১৮ সালের ৭ নভেম্বর। বলিউড লাইফ