গোপীচাঁদকে নিয়ে বলিউডে ছবি

বলিউডে এখন ক্রীড়া ব্যক্তিত্বের আত্মজীবনীনির্ভর ছবি বানানোর হিড়িক লেগেছে। ব্যাডমিন্টন তারকা সাইনা নেহয়াল ও পিভি সিন্ধুর কোচ এবং প্রখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় পুলেলা গোপীচাঁদের আত্মজীবনী নিয়ে ছবি হতে চলেছে। এর আগে মিলখা সিং, মেরি কম, এম এস ধোনি, শচীন টেন্ডুলকার, সাইনা নেহয়ালকে নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র।
‘এয়ারলিফট’, ‘বেবি’র মতো ছবির প্রযোজক বিক্রম মালহোত্রা গোপীচাঁদকে নিয়ে ছবি বানানোর স্বত্বাধিকার ইতিমধ্যেই পেয়ে গেছেন। বিক্রমের ওই দুটি ছবিতেই অভিনেতা ছিলেন অক্ষয় কুমার। ছবি দুটি বাণিজ্যিকভাবে সফল। অনেকেরই ধারণা, বিক্রমের নতুন ছবিতে অক্ষয়কে দেখা যেতে পারে। অবশ্য এ ব্যাপারে চূড়ান্ত কিছু জানা যায়নি।
গোপীচাঁদকে নিয়ে তৈরি ছবিটি হিন্দি ও তেলেগু—দুটি ভাষাতে মুক্তি পেতে পারে।
অর্জুন পুরস্কারপ্রাপ্ত ব্যাডমিন্টন তারকা গোপীচাঁদ কোচ হিসেবেও সফল। গোপীর দুই ছাত্রী সাইনা নেহয়াল ও পিভি সিন্ধু—দুজনই অলিম্পিকের পদক জয় করেছেন।
আত্মজীবনীমূলক ছবি তৈরির ব্যাপারে অত্যন্ত খুশি গোপীচাঁদ। তিনি বলেছেন, ‘ছবিটিকে ঘিরে আমি খুবই উৎসাহিত। আর প্রযোজক বিক্রমের ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে। আশা করি, ছবিটি সমগ্র দুনিয়াতে ভারতীয় ব্যাডমিন্টনকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে।’