গ্রাম 'দত্তক' নিলেন প্রকাশ রাজ

তাঁকে সবাই খল চরিত্রের শক্তিমান এক অভিনেতা হিসেবে একনামেই চেনেন। দক্ষিণ ভারতের অভিনেতা প্রকাশ রাজ কিন্তু বলিউডের অনেক খান কিংবা কাপুরদের চেয়েও প্রভাবশালী। প্রকাশ এরই মধ্যে পাঁচবার পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘ওয়ান্টেড’ কিংবা ‘সিংঘম’ ছবির বদৌলতে বলিউডের দর্শকেরাও তাঁকে ভালো করেই চেনেন। এ অভিনেতাই সম্প্রতি দত্তক নিয়েছেন ভারতের একটি আস্ত গ্রাম। এই গ্রাম দত্তক নেওয়ার মাধ্যমে ভারত সরকারের একটি নির্দিষ্ট প্রকল্পের অধীনে অভিনেতা প্রকাশ রাজ একটি পিছিয়ে পড়া গ্রাম উন্নয়নের দায়িত্ব নিলেন।
অবশ্য, গ্রাম দত্তক নেওয়ার এই প্রকল্প ভারতে নতুন কোনো উদ্যোগ নয়। গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে একটি গ্রাম দত্তক নিয়ে এই প্রকল্প শুরু করেন। এর পরপরই সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী থেকে শুরু করে ক্রিকেটার শচীন টেন্ডুলকার এবং সম্প্রতি দক্ষিণ ভারতীয় আরেক অভিনেতা মহেশ বাবুও একটি করে গ্রাম দত্তক নেন।
ভারতের তেলেঙ্গানা রাজ্যের মাহাবুবনগরের কোনদারেদ্দিপাল্লে নামের গ্রামটি দত্তক নিয়েছেন প্রকাশ রাজ। এখন থেকে এই গ্রাম এবং এর মানুষদের উন্নয়নে কাজ করবে প্রকাশের দাতব্য সংস্থা ‘প্রকাশ রাজ ফাউন্ডেশন’। প্রকাশ রাজ তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে দত্তক নেওয়া গ্রাম পরিদর্শনের ছবিও পোস্ট করেছেন। পোস্টে তিনি জানিয়েছেন, ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী টি তারাকর্ম রাওয়ের সঙ্গে বৈঠকের পরই তিনি এ সিদ্ধান্ত নেন।
প্রকাশ বলেন, ‘আমার দাতব্য সংস্থা থেকে একটি দল এরই মধ্যে গ্রামের বিভিন্ন সংকট ও সমস্যার ওপর জরিপ করা শুরু করেছে। গ্রামটিকে আধুনিক ও উন্নত করার সর্বাত্মক চেষ্টা করে যাব আমরা।’ আইএএনএস।