গ্লোবাল ডাইভারসিটি অ্যাওয়ার্ড পেলেন শাহরুখ

মর্যাদাপূর্ণ গ্লোবাল ডাইভারসিটি অ্যাওয়ার্ড পেলেন ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান। ব্রিটেনের হাউস অব কমন্সে আয়োজিত বিশেষ এক অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন হাউস অব কমন্সের স্পিকার জন বারকো। এর আগে এই পুরস্কার পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বলিউডের অভিনেতা অমিতাভ বচ্চন, অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, অ্যাকশন তারকা জ্যাকি চ্যান, ফরমুলা ওয়ান রেসার লুইস হ্যামিলটন প্রমুখ।
চলচ্চিত্রে অভাবনীয় সাফল্য ও দাতব্য কাজের সঙ্গে সম্পৃক্ততার জন্য গ্লোবাল ডাইভারসিটি অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে শাহরুখকে। পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাহরুখ বলেন, ‘আমার জীবনের স্মরণীয় একটি দিন এটি। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে পুরস্কারটি গ্রহণ করছি। প্রত্যাশার চেয়ে প্রাপ্তিটা অনেক বেশি বলেই মনে হচ্ছে। পুরস্কারটি আমাকে আরও অনেক কাজ করতে অনুপ্রেরণা জোগাবে। সীমিত সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করে যাব আমি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই।
শাহরুখ আরও বলেন, ‘৩৩ বছর ধরে আমি অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত। ২৭ বছর বয়সে ‘‘বাজিগর’’ ছবির শুটিংয়ের কাজে প্রথম আমি যুক্তরাজ্য সফরে এসেছিলাম।’