ঘরজামাই হবেন অর্জুন কাপুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্জুন কাপুর ও কারিনা কাপুর।
অর্জুন কাপুর ও কারিনা কাপুর।

‘ঘর জামাই’—কথাটা শুনলেই ভ্রু কুঁচকে যায় অনেকের। কিন্তু কেন কুঁচকে যায়, তা-ই ঠিক মতো আঁচ করতে পারেন না বলিউড অভিনেতা অর্জুন কাপুর। তাঁর মনে ‘ঘর জামাই’ বিষয়টি নিয়ে কোনো সংকোচ কিংবা সংশয় খেলে না। তিনি তো প্রয়োজনে ঘর জামাই হতেও প্রস্তুত! এসব তিনি বললেন সম্প্রতি ‘কি অ্যান্ড কা’ ছবির সেটে বসে।

আসল ঘটনা হলো ‘কি অ্যান্ড কা’ নামের নতুন ছবিতে অর্জুন কাপুর অভিনয় করছেন এমন একটি চরিত্রে। ছবিতে অর্জুন কাপুরের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন কারিনা কাপুর। এতে কারিনার চরিত্রটি একজন উচ্চাকাঙ্ক্ষী নারীর। আর অর্জুন কাপুরের চরিত্রটি সবসময় পাশে থাকে এমন একজন স্বামীর। অর্জুন বেশ গর্বভরা সুরেই বলেন, ‘স্বামী যদি স্ত্রীর স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য তাঁকে প্রতিটি ধাপে সহযোগিতা করে তাতে মন্দ কি? এরজন্য তাঁকে যদি ঘরজামাইও হতে হয়, বিষয়টিতে আমি সম্মানহানিকর কিছু দেখি না। এগিয়ে যাওয়ার এ সময়ে এমন রক্ষণশীল ভাবনা আমরা কেন যে ভাবি, বুঝি না!’

অর্জুনের কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে, ঘরজামাই হতে তাঁর কোনো আপত্তি নেই। তবে হ্যাঁ, যদি স্ত্রী হয় কারিনা, তাহলে অর্জুন কেন, কারোরই এতে আপত্তি হওয়ার কথা না!


‘কি অ্যান্ড কা’ ছবিটি পরিচালনা করছেন আর বাল্কি, যিনি এর আগে ‘চিনি কম’ এবং ‘পা’ ছবি পরিচালনা করেছেন। পিটিআই।