ঘরেই মাস্ক বানালেন বিদ্যা বালান, দিয়া মির্জা ও সোনু সুদ

বলিউড তারকারা সচেতন। তাই লকডাউন শুরু হওয়ার আগেই ‘প্যাক আপ’ করে ঘরে ঢুকে পড়েছেন তাঁরা। তবে ঘরে কিন্তু বসে নেই এই তারকারা। নানা ভিডিও বানাচ্ছেন। নাচছেন, গাইছেন, ছবি আঁকছেন, রান্না করছেন, বই পড়ছেন, অনলাইন কোর্স করছেন। আবার নতুন নতুন ট্রেন্ডের জন্ম দিচ্ছেন। সর্বশেষ হ্যাশট্যাগ ট্রেন্ডের নাম, ‘আপনা দেশ, আপনা মাস্ক’।
বিদ্যা বালান ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। নিজেই বিভিন্ন কাপড় ব্যবহার করে মাস্ক বানান তিনি। ভিডিওতে বিদ্যা জানান, সারা বিশ্বেই মাস্কের ঘাটতি পড়েছে। তাই বাড়িতেই বানিয়ে নিতে বললেন নিজের মাস্ক। বললেন, ‘আপনার ঘরে পুরোনো শাড়ি, রুমাল, ওড়না, স্কার্ফ বা যেকোনো কাপড় দিয়ে মাস্ক বানিয়ে পরতে বলেছেন। কারণ, এই মাস্ক করোনা থেকে অনেকখানি সুরক্ষা দিতে পারে।

এ ছাড়া ঘরে বসে বিদ্যা বালান চার্লি চ্যাপলিনের ১৩১তম জন্মদিন উদ্যাপন করেছেন ১৬ এপ্রিল। সেখানে তিনি চার্লির বেশে নিজের ফটোশুটের ভিডিও প্রকাশ করেছেন। অক্ষয় কুমারের সঙ্গে পুরোনো ভিডিও শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। ‘মুম্বাই রোটি ব্যাংক’–এ অর্থ বা খাবার দিতে বলেছেন। ডাক্তার, নার্স, পুলিশ, সাংবাদিকসহ এই দুঃসময়ে যাঁরা কাজ করছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভুল করেননি।

বাড়িতে মাস্ক বানিয়েছেন দিয়া মির্জাও। বলেছেন, ‘ভারত ঘরেই মাস্ক বানিয়ে পরার অভ্যাস করলে সুরক্ষিত থাকবে।’ দিয়া নিজের বানানো মাস্ক দেখিয়ে অন্যদেরও মাস্ক বানাতে বলেছেন। সোনু সুদও ঘরে বসে নিজেই নিজের মাস্ক বানিয়েছেন। আর সবাইকে উদ্বুদ্ধও করেছেন।
বিদ্যা বালানকে সর্বশেষ দেখা গেছে, অক্ষয় কুমারের সঙ্গে ‘মিশন মঙ্গল’ ছবিতে। এরপর তাঁকে দেখা যাবে অনু মেননের পরিচালনায় গণিতবিদ শকুন্তলা দেবীর বায়োপিকে। আর অমিত মাসুরকারের পরিচালনায় ‘শেরনি’ ছবিতে।