ঘাম ঝরাচ্ছেন আনুশকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনুশকা শর্মা

রুপালি পর্দায় ফিরছেন আনুশকা শর্মা। শেষ তাঁকে সিনেমায় দেখা গেছে প্রায় চার বছর আগে। এই সময়ে তাঁর জীবন বেশ বদলে গেছে। তিনি এখন এক কন্যাসন্তানের মা। খুদে ভামিকাকে নিয়ে ব্যস্ত ছিলেন আনুশকা। বিরতি কাটিয়ে আবার ফিরছেন তিনি। নতুন করে ফিরে আসাকে শক্তিশালী করতে ঘাম ঝরাচ্ছেন এই অভিনেত্রী।
‘চাকদহ এক্সপ্রেস’ ছবি দিয়ে ফিরছেন তিনি। ভারতীয় ক্রিকেট দলের সদস্য ঝুলন গোস্বামীকে নিয়ে এই ছবি। বিরাট–বধূ এবার ক্রিকেটার রূপে আসছেন মাঠে। ছবিতে তাঁকে ঝুলনের ভূমিকায়ই দেখা যাবে। একজন ক্রিকেটারকে রুপালি পর্দায় তুলে ধরা চাট্টিখানি কথা নয়। তাই মাঠে ঘাম ঝরাচ্ছেন আনুশকা।

সম্প্রতি এই বলিউড অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওতে তাঁকে ব্যাট ও বল হাতে অনুশীলন করতে দেখা গেল। ঝুলনের মতো বোলিং অ্যাকশন রপ্ত করতে মরিয়া তিনি। ভিডিও শেয়ার করে আনুশকা লিখেছেন, ‘চাকদহ এক্সপ্রেস’-এর জন্য আরও কঠিন ও গভীরভাবে প্রস্তুতি নিচ্ছি। শুধুই দিন গুনছি এখন।’

আনুশকা শর্মা
ইনস্টাগ্রাম

আনুশকার এই ভিডিও মুহূর্তেই অনলাইনে ছড়িয়ে পড়ে। জানা গেছে, আনুশকা পর্দায় ঝুলন হয়ে উঠতে নানাভাবেই প্রস্তুতি নিচ্ছেন। খেলার মাঠে ঝুলনের শারীরিক ভাষা, বোলিং ও ব্যাটিংয়ের ধরন পুরোপুরি রপ্ত করতে মরিয়া এই বলিউড নায়িকা। তাই তিনি সপ্তাহে ছয় দিন মাঠে গিয়ে প্রায় তিন ঘণ্টা কড়া অনুশীলন করছেন।

আনুশকা শর্মা

ঝুলনকে নিয়ে একটি পোস্টে আনুশকা আগে লিখেছিলেন, ‘এই ছবিতে এক আত্মত্যাগের কাহিনি তুলে ধরা হয়েছে। ঝুলন গোস্বামীর জীবনী যে কাউকে অনুপ্রাণিত করবে। ‘চাকদহ এক্সপ্রেস’ ছবিতে ভারতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ঝুলন গোস্বামীর লড়াই, আবেগ ও দৃঢ়তাকে দেখানো হয়েছে।’

বিরাট কোহলি ও আনুশকা শর্মা। কোহলি শততম টেস্ট খেলতে নামার আগে দুজন ফ্রেমবন্দী
ছবি: এএফপি

পশ্চিমবঙ্গের নদীয়ার চাকদহের অখ্যাত একটি গ্রামের একজন সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার কাহিনি ‘চাকদহ এক্সপ্রেস’। এই ছবির মাধ্যমে তুলে ধরা হবে ঝুলনের লড়াইয়ের কথা। ঝুলন ব্যাটে-বলে ঝড় তুলে বিশ্বকে একসময় চমকে দিয়েছিলেন। মেয়েদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড তাঁর দখলে।