ঘোর সংসারী
শ্বশুরবাড়ির সবার সঙ্গে বিয়ের পর প্রথম দিওয়ালি উদ্যাপন করতে চলেছেন ইয়ামি গৌতম। স্বামী আদিত্য ধর আর শ্বশুর-শাশুড়িকে নিয়ে তাঁর নতুন সংসার। বিয়ের পর সুখেই ঘরকন্না করছেন বলিউড অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়ামি তাঁর নতুন সংসারের খুঁটিনাটি জানালেন।
সাক্ষাৎকারে শ্বশুর-শাশুড়ির প্রশংসা করে বলেছেন, ‘আদিত্যর মা–বাবা সত্যি দারুণ, মিষ্টি স্বভাব আর আমুদে। আদিত্যর মা আমাকে কিছুতেই রান্নাবান্না করতে দেন না। আর এই নিয়ে আমার কোনো অভিযোগ নেই।
আদিত্য ও তার পরিবারের লোকেরা রাঁধুনি হিসেবে দুর্দান্ত। তারা কাশ্মীরি আর তাই কাশ্মীরের জিভে জল আনা সাবেকি পদগুলো দারুণ বানান। এই সুখ থেকে নিজেকে মোটেও বঞ্চিত করতে চাই না।
তাই সানন্দে আমি তাদের রান্না করতে দিই। কাশ্মীরি আর ইতালিয়ান নানান ধরনের পদ দারুণ বানায় আদিত্য। আর ওর হাতের চা-ও অপূর্ব। তবে আমার হাতের ডেজার্টের বেশ নামডাক আছে। তাদের সবার জন্য একবার হিমাচলি একটা পদ বানিয়েছিলাম, তাদের খুব ভালো লেগেছিল।’
বিয়ের পর প্রথম দিওয়ালিকে ঘিরে খুবই উচ্ছ্বসিত ইয়ামি। মুম্বাইয়ের নতুন বাসায় আদিত্য ও তাঁর পরিবারের সঙ্গে এ বছর দিওয়ালি উদ্যাপন করবেন তিনি। এ প্রসঙ্গে ইয়ামি বলেছেন, ‘আমার মতো আমার শ্বশুর-শাশুড়িও এবারের দিওয়ালিকে নিয়ে একটু বেশি উচ্ছ্বসিত।
আমি প্রদীপ আর আলো দিয়ে সারা বাড়ি সাজিয়ে তুলব।’ দিওয়ালির কেনাকাটা প্রসঙ্গে এই বলিউড নায়িকা বলেছেন, ‘কেনাকাটার ব্যাপারে আমি খুবই অলস। আমার মা আর বোন সুরিলি আমার জন্য একটা সাবেকি পোশাক কিনেছে। আমি খুব খুশি যে আমার কাজটা তারা করে দিয়েছে।’
ইয়ামিকে আগামী দিনে একাধিক দারুণ দারুণ ছবিতে দেখা যাবে। দশবী, লস্ট, আ থার্সডে, আর ওহ মাই গড টু ছবির মূল চরিত্রে আছেন তিনি।