ঘ্রাণ নেই করোনায় আক্রান্ত আবিরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বিজয়া’ ছবির নায়িকা জয়া আহসান আর নায়ক আবির চট্টোপাধ্যায়

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টলিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায়। গত রোববার সন্ধ্যায় নিজের আক্রান্ত হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। নিয়ম মেনে সতর্কতার সঙ্গে শুটিংয়ে অংশ নিয়েও কীভাবে আক্রান্ত হলেন, সেটা ভেবেই বিস্মিত এ অভিনেতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে আবির লিখেছেন, ‘অবাক করা ব্যাপার হলো, সম্পূর্ণ সুস্থ বোধ করছি। ভালোই আছি, শুধু গন্ধের অনুভূতি পুরোপুরি উধাও হয়ে গেছে।’ আপাতত বাড়িতে আইসোলেশনে আছেন আবির। তাঁর পরিবারের লোকজনও শিগগিরই নমুনা পরীক্ষা করাবেন বলে জানিয়েছেন এ অভিনেতা। আক্রান্ত আবির লিখেছেন, ‘সব রকম সুরক্ষা মেনেও কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছি। আবারও প্রমাণিত হলো জীবনে কিছুই নিশ্চিত নয়।’

আবির চট্টোপাধ্যায়

ভারতের একটি বাংলা চ্যানেলে জনপ্রিয় একটি গানের রিয়েলিটি শো উপস্থাপনা করছিলেন আবির। শুটিংয়ের পাশাপাশি গত বৃহস্পতিবার একটি বিজ্ঞাপনেরও শুটিংয়ে অংশ নেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ওই শুটিং স্পটে বারবার হাত স্যানিটাইজ করতে দেখা যাচ্ছিল আবিরকে। শট দেওয়ার ঠিক আগ মুহূর্তে মুখ থেকে মাস্ক সরিয়েছেন তিনি। এমনকি ব্যক্তিগত সহকারীকে বকুনি দিয়ে সতর্ক থাকতে বলছিলেন তিনি। যখনই চেয়ারে বসছিলেন, জীবাণুনাশক স্প্রে করে নিচ্ছিলেন। কেউ সেলফি তুলতে এলে মাস্ক পরেই তুলছিলেন। এত সাবধানতার পরও সংক্রমণ থেকে রক্ষা পেলেন না এ অভিনেতা।

‘বিসর্জন’ ছবির দৃশ্যে জয়া আহসান ও আবির চট্টোপাধ্যায়

শুটিংয়ে অনেকেই আবিরের সংস্পর্শে এসেছিলেন। তাঁদের সতর্ক করে আবির লিখেছেন, ‘কাজের সূত্রে যাঁরা আমার কাছাকাছি এসেছেন, তাঁদের অনুরোধ করব, নিজেদের সুরক্ষার কথা ভেবে করোনা পরীক্ষা করিয়ে নিন।’

করোনায় আক্রান্ত হয়েছেন জানার পর টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুকে সবাই তাঁকে শুভকামনা জানিয়েছেন। আবিরও তাঁদের আগাম ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘আপনাদের ভালোবাসা ও প্রার্থনার জন্য ধন্যবাদ।’