চক অ্যান্ড ডাস্টার-এর জয় জয়কার

গেল শুক্রবার ভারতে মুক্তি পেল শাবানা আজমি ও জুহি চাওলা অভিনীত ‘চক অ্যান্ড ডাস্টার’ ছবিটি। এই ক’দিনেই ধীরে ধীরে ছবিটি দাঁড়ানোর মতো একটি জায়গা তৈরি করে নিয়েছে। সমালোচকদের কেউ করেছেন ছবিটির প্রশংসা, কেউ খুঁজে বের করেছেন দুর্বলতাগুলো। কিন্তু তাতে বক্স অফিসের হিসাব-নিকাশে গোলমাল হয়নি। বেশ ভালো গতিতেই আয়ের চাকাটা ঘুরছে। শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক নিয়ে বেশ একখানা ছবি এই ‘চক অ্যান্ড ডাস্টার’।
সবচেয়ে মজার ব্যাপার হলো, মুখে মুখে ছড়িয়েছে ছবিটির প্রচার। যারা ‘চক অ্যান্ড ডাস্টার’ দেখেছেন, তারা অন্যকে দেখতে বলেছেন। ছবিটি দেখে অনেকেরই মনে পড়ে গেছে ছেলেবেলার কথা। মনে পড়ে গেছে শিক্ষকদের কথা। অনেকেই আবার নতুন করে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করছেন। ছবিটি দেখার পর এক ভদ্রলোক তাঁর ছেলেবেলার একজন শিক্ষককে খুঁজে পেয়েছেন, যিনি তাঁর সন্তানকে হারিয়েছেন। এই ভদ্রলোক তাঁর শিক্ষকের দিকে বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি নিয়ে ব্যাপক আলোচনার পরিপ্রেক্ষিতে দিল্লি, উত্তর প্রদেশ ও রাজস্থানে ‘চক অ্যান্ড ডাস্টার’কে করমুক্ত করে দেওয়া হয়েছে। টাইমস অব ইন্ডিয়া।