চকচকে জামা আর উঁচু জুতা পরে নাচতে ভালো লাগে ভূমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমি পেড়নেকর কখনো ভাবেননি, লোকে কী ভাববে। ছবি: ইনস্টাগ্রাম
ভূমি পেড়নেকর কখনো ভাবেননি, লোকে কী ভাববে। ছবি: ইনস্টাগ্রাম

প্রথম ২০১৫ সালের ‘দম লাগা কে হাইশা’। এরপর একে একে ‘টয়লেট: এক প্রেমকথা’, ‘শুভ মঙ্গল সাবধান’, ‘লাস্ট স্টোরিজ’, ‘ষাঁড় কি আঁখ’, ‘বালা’। এই নামগুলোই তো ৩০ বছর বয়সী ভূমি পেড়নেকরের পরিচয়। ৬ ডিসেম্বর মুক্তি পাবে ভূমি পেড়নেকর, কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডে অভিনীত ‘পতি পত্নী অর ওহ’ ছবিটি। সম্প্রতি এই বলিউড তারকা কথা বললেন ই-টাইমসের সঙ্গে।

ইন্ডাস্ট্রিতে পাঁচ বছর কাটিয়ে কী পেলেন? ভূমি পেড়নেকরের এক কথায় জবাব, ‘আত্মবিশ্বাস’। প্রতিটি ছবিতেই ভূমি পেড়নেকরকে দেখা গেছে বৈচিত্র্যময় সব চরিত্রে। ক্যারিয়ার শুরুই করেছেন ৮৯ কেজি ওজনের ছন্দা ভার্মার চরিত্র দিয়ে। ‘ষাঁড় কি আঁখ’ ছবিতে দেখা দিয়েছেন ৮৭ বছর বয়সী বৃদ্ধা চন্দ্র তোমারের ভূমিকায়।

এই চরিত্রগুলো সম্পর্কে ভূমির বক্তব্য, ‘আমার কাজই তো তাই। অন্য একজন হয়ে ওঠা। সেই অন্য একজন আমার থেকে যত আলাদা, অভিনয়শিল্পী হিসেবে আমি ততটাই প্রমাণিত। আমি কখনো ভাবিনি, লোকে কী ভাববে। আমি সেই চরিত্রগুলোই বেছে নিয়েছি, যেগুলো আমার কাছে খুবই চ্যালেঞ্জিং মনে হয়েছে।’ ভূমি আরও জানান, বলিউডে নারীরা যে এত বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করতে পারছে, সেটা উদ্‌যাপন করার মতো একটি বিষয়।

প্রথম ছবি ‘দম লাগা কে হাইশা’তে অভিনয় করেছেন ৮৯ কেজি ওজনের ছন্দা ভার্মার চরিত্রে। ছবি: ইনস্টাগ্রাম
প্রথম ছবি ‘দম লাগা কে হাইশা’তে অভিনয় করেছেন ৮৯ কেজি ওজনের ছন্দা ভার্মার চরিত্রে। ছবি: ইনস্টাগ্রাম

‘পতি পত্নী অর ওহ’ ছবিতে নিজের চরিত্রের সম্পর্কে ভূমি বলেন, ‘এটা একটা শক্তশালী নারী চরিত্র, যে তার সৌন্দর্যের বিষয়ে সচেতন। সেই সঙ্গে বিপরীত লিঙ্গের ওপর কতটা ক্ষমতা প্রয়োগ করতে পারে, সেই বিষয়ে সচেতন। আমি এ ধরনের “গ্ল্যামারাস” চরিত্রগুলোও করতে চাই। চকচকে জামা আর উঁচু জুতা পরে নাচতে আমার খারাপ লাগে না। ভালোই লাগে। আমি খুবই উচ্চাকাঙ্ক্ষী। আমি সব চাই।’

চকচকে জামা আর উঁচু জুতা পরে নাচতে ভালো লাগে ভূমির। ছবি: ইনস্টাগ্রাম
চকচকে জামা আর উঁচু জুতা পরে নাচতে ভালো লাগে ভূমির। ছবি: ইনস্টাগ্রাম

ভূমি জানিয়েছেন, তাঁর অভিনয়শিল্পী-সত্ত্বা তাঁকে মানুষ হিসেবে আরও উন্নত করেছে। ‘একজন নারীর টয়লেট ব্যবহারের অধিকার নেই, এটা তো আমি কল্পনাই করতে পারি না। আমি কত ভাগ্যবান। চন্দ্র তোমার, প্রকাশী তোমার দাদিরাই তো জীবনের আসল নায়ক। আসল নারীবাদী চরিত্র। আর আমি বড় পর্দায় তাদের প্রতিনিধিত্ব করছি।’ বলেও যোগ করেন ভূমি পেড়নেকর।

বড় পর্দার ওই চরিত্র হয়ে ওঠার জন্য ভূমি পেড়নেকর প্রচুর পড়াশোনা করেন, ওয়ার্কশপ করেন, ভিডিও দেখেন। ওই চরিত্র যে সমাজ, সংস্কৃতির মানুষ, তার সঙ্গে মিশে শিখতে চেষ্টা করেন। ভূমির মতে, সেটের প্রত্যেক মানুষ, পরিবেশ তাঁকে ওই চরিত্রটা হয়য়ে উঠতে সাহায্য করে। ‘ষাঁড় কি আঁখ’ ও ‘বালা’ ছবির জন্য তিনি নিয়মিত রাত আড়াইটায় ঘুম থেকে উঠে মেকআপ নিয়ে শুটিং করেছেন।

তারকাখ্যাতি উপভোগ করেন ভূমি পেড়নেকর। কিন্তু মুদ্রার ওপর পাশটিও চোখ এড়ায়নি। ছবি: ইনস্টাগ্রাম
তারকাখ্যাতি উপভোগ করেন ভূমি পেড়নেকর। কিন্তু মুদ্রার ওপর পাশটিও চোখ এড়ায়নি। ছবি: ইনস্টাগ্রাম

তারকাখ্যাতি উপভোগ করেন ভূমি পেড়নেকর। কিন্তু মুদ্রার ওপর পাশটিও চোখ এড়ায়নি তাঁর। যেদিন তাঁর দাদা মারা গেলেন, হাসপাতালের বসে কাঁদছিলেন তিনি। তারপর উঠে হাঁটছিলেন। তখন একজন এসে বলল, ‘একটা সেলফি, প্লিজ?’ কিছুই বলতে পারেননি ভূমি। শুধু হেঁটে চলে গেছেন।