চলে গেলেন সাঈদ জাফরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঈদ জাফরির মৃত্যু
সাঈদ জাফরির মৃত্যু

ভারতীয় ছবির অতি পরিচিত মুখ সাঈদ জাফরি আর নেই। ১৪ নভেম্বর যুক্তরাজ্যে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ‘শতরঞ্জ কি খিলাড়ি’, ‘মাসুম’, ‘জালোয়া’, ‘খুন ভারি মাং’, ‘রাম লক্ষণ’, ‘দিল’, ‘আজুবা’সহ অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তিনি। ৮৬ বছরের জীবনে অসংখ্য ভারতীয় এবং আন্তর্জাতিক ছবিতে অভিনয় করেছেন তিনি। বর্ষীয়ান এই অভিনেতা ‘গান্ধী’, ‘এ প্যাসেজ টু ইন্ডিয়া’ এর মতো ইংরেজি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি আন্তর্জাতিক টিভি সিরিয়ালেও অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ‘তন্দুরি নাইটস’, ‘দ্য ফার প্যাভেলিয়ন’, ‘দ্য জুয়েল অন দ্য ক্রাউন’। মাইকেল কেইন, পিয়ার্স ব্রসনানের মতো হলিউড অভিনেতাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল তাঁর।
সাঈদ জাফরির জন্ম ১৯২৯ সালে, ভারতের পাঞ্জাবে। তিনি পড়াশোনা করেছেন আলীগড় বিশ্ববিদ্যালয়, ওয়াইন বার্গ এলেন স্কুল এবং এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে। মঞ্চ অভিনেতা হিসেবে অভিনয়ের জগতে প্রবেশ করেন তিনি। নয়াদিল্লিতে একটি থিয়েটার কোম্পানি ছিল তাঁর। এরপর অভিনয়ের ওপর উচ্চশিক্ষার জন্য বিলেতে, রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট (রাডা) পড়াশোনা করেন এই অভিনেতা।
সাঈদ জাফরিই প্রথম ভারতীয় যিনি যুক্তরাজ্যের ‘অর্ডার অব ব্রিটিশ এম্পায়ার’ সম্মাননা লাভ করেন। এ ছাড়া তাঁর ঝুলিতে ভারতের ফিল্মফেয়ার পুরস্কার সহ আন্তর্জাতিক আরও বেশকিছু পুরস্কার ও মনোনয়নও আছে।
ব্যক্তিগত জীবনে তিন সন্তানের জনক ছিলেন এই শক্তিমান অভিনেতা। তাঁর প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী এবং সাহিত্যিক মধুর জাফরি। ১৯৬৫ সালে প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর ১৯৮০ সালে জেনিফার শ্যরে​লের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই অভিনেতা। সাঈদ জাফরির মেয়ে সাকিনাও একজন নামকরা অভিনেত্রী।
সাঈদ জাফরির মৃত্যুতে শোক প্রকাশ করে খুদে ব্লগসাইট টুইটারে টুইট বার্তায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অভিনেতা ঋষি কাপুর, ‘মাসুম’ ছবির নির্মাতা শেখর কাপুরসহ আরও অনেকে। এনডিটিভি।