চল্লিশেই চলে গেলেন অভিনেত্রী উমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উমা মহেশ্বরী

দক্ষিণি ছবি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী উমা মহেশ্বরী আর নেই। গত রোববার শেষনিশ্বাস ত্যাগ করেছেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। তাঁর মৃত্যুতে দক্ষিণি চলচ্চিত্র আঙিনায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, কয়েক মাস আগে জন্ডিসে আক্রান্ত হয়েছিলেন উমা মহেশ্বরী। জন্ডিস থেকে সেরেও উঠেছিলেন। পরে আবারও জন্ডিসে আক্রান্ত হন এই দক্ষিণি তারকা। তারই চিকিৎসা চলছিল। দক্ষিণের গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, উমার ক্রমাগত বমি হচ্ছিল।

উমা মহেশ্বরী

একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উমার জনপ্রিয়তা তুঙ্গে ওঠে ‘মেট্টি ওয়েল’ শোর মাধ্যমে। এই জনপ্রিয় শোতে তাঁর সহ-অভিনয়শিল্পী ছিলেন গায়ত্রী শাস্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনিই উমার মৃত্যুর খবর জানিয়েছেন। দক্ষিণি ছবির তারকারা নেট দুনিয়ায় উমাকে শেষশ্রদ্ধা জানিয়েছেন।
উমার স্বামী পেশায় পশু চিকিৎসক।