চাক রাসেলের ছবিতে বলিউড অভিনেতা

হলিউডের সাড়া জাগানো কমেডি ছবি ‘দ্য মাস্ক’-এর কথা মনে আছে? জিম ক্যারি অভিনীত ছবিটি ১৯৯৪ সালে মুক্তি পায়। পরিচালনা করেছিলেন চাক রাসেল। এবার চাক রাসেল হাতে নিয়েছেন বলিউড ছবির দায়িত্ব। মার্কিন এই পরিচালক বলিউডে নির্মাণ করবেন ‘জংলি’ নামের একটি ছবি। এতে বার্তা থাকবে বিশ্বের সব দর্শকদের জন্য। অ্যাকশন ও অ্যাডভেঞ্চার ঘরানার এই ছবির গল্প একজন লোক ও একটি হাতিকে নিয়ে। কে সেই ভাগ্যবান ‘লোক’ যিনি মার্কিন পরিচালকের ছবিতে অভিনয় করবেন? উত্তর দ্রুতই পাওয়া গেছে। ‘কমান্ডো’ খ্যাত বলিউড অভিনেতা বিদ্যুৎ জামওয়াল।
হাতি শিকার ও হাতির দাঁত পাচারের বিরুদ্ধে বার্তা থাকবে এই ছবিতে। ছবিটি সম্পর্কে এক বিবৃতিতে বিদ্যুৎ জামওয়াল বলেন, ‘তিন বছর বয়স থেকে কালারিপায়াত্তুতে (মার্শাল আর্ট) প্রশিক্ষণ নিয়েছি, জীবজন্তুকে ভালোবাসা দিয়েছি। নিজের প্রতিভাকে প্রকাশ করার জন্য আমি এর চেয়ে ভালো স্ক্রিপ্ট পেতাম না।’ এই ছবির অংশ হতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছেন ‘কমান্ডো’ তারকা। তিনি আরও বলেন যে, ‘কিংবদন্তি’ চাক রাসেলের সঙ্গে কাজ করা যেকোনো অভিনেতার স্বপ্ন। তাই শুটিংয়ের জন্য তাঁর নাকি আর তর সইছে না।
অক্টোবরে ভারতের কেরালা রাজ্যে শুরু হবে ছবির শুটিং। মুক্তির দিন ঠিক করা হয়েছে ২০১৮ সালের গ্রীষ্মে। হিন্দুস্তান টাইমস।