চাপে নেই সিদ্ধার্থ

কিছুদিন আগেই খবর হয়েছিল, বর্ষীয়ান অভিনেতা রাজেশ খান্নার অভিনীত বিখ্যাত ছবি ‘ইত্তেফাক’-এর রিমেক হচ্ছে। সেখানে রাজেশ খান্নার করা দীলিপ রায় চরিত্রটি করবেন সিদ্ধার্থ মালহোত্রা। রাজেশ খান্নার করা চরিত্র নিয়ে সিদ্ধার্থ জানিয়েছেন, চরিত্রটি করতে মোটেও চাপের মধ্যে নেই তিনি।
রেড চিলিস, ধর্ম প্রোডাকশন ও বিআর ফিল্মসের ব্যানারে ছবিটি তৈরি হবে। রিমেক নিয়ে সিদ্ধার্থ বলেন, এটা ‘ইত্তেফাক’-এর সরাসরি রিমেক নয়। ‘ইত্তেফাক’-এর আদলে (অ্যাডাপটেশন) তৈরি হচ্ছে। তাই ছবির গল্পে অনেক পরিবর্তন আছে। রাজেশ খান্নার মতো শিল্পীর করা চরিত্রটি করতে তেমন বেগ পেতে হবে না। সিদ্ধার্থ আরও বলেন, তিনি রাজেশ খান্নার দারুণ ভক্ত। বিশেষ করে তাঁর ছবি ‘আনন্দ’ সিদ্ধার্থের পছন্দের ছবিগুলোর একটি।
সিদ্ধার্থ ছাড়াও ছবিতে দেখা যাবে সোনাক্ষি সিনহাকে। আগামী মাসেই মুম্বাইতে শুটিং শুরু হবে। ‘ইত্তেফাক’ ছবিটি মুক্তি পায় ১৯৬৯ সালে। এ ছবিটিও ব্রিটিশ ছবি ‘সাইনপোস্ট টু মার্ডার’-এর রিমেক ছিল। মুম্বাই মিরর