চার দশক পর আবারও 'জয়'-'বীরু'

‘ইয়ে দোসতি হাম নেহি তোড়েঙ্গে’— নির্মাতা-প্রযোজক রমেশ সিপ্পির কালজয়ী ‘শোলে’ ছবির এই গানটি এক সময় মুখে মুখে ফিরত। এই গানটি যেন বলিউডের ছবিতে বন্ধুত্বের সবচেয়ে বড় উদাহরণ হয়ে আজও দর্শক চিত্তে উজ্জ্বল হয়ে আছে। এ ছবির ‘জয়’ চরিত্রে ধর্মেন্দ্র এবং ‘বীরু’ অমিতাভ বচ্চনের গভীর বন্ধুত্বও কখনোই ভুলতে পারেননি দর্শকেরা। হাসিঠাট্টা, জীবনবোধ, একতা কিংবা ত্যাগ— সবকিছুই ছিল ‘জয়’ আর ‘বীরু’র এই গভীর বন্ধুত্বে।
সেই ‘জয়’ আর ‘বীরু’ দীর্ঘ চার দশক পর আবারও একসঙ্গে হয়েছিলেন। অবশ্য এবারে ছোটপর্দায়; টেলিভিশনের একটি রিয়েলিটি শোতে। স্যাটেলাইট টিভি চ্যানেল স্টার প্লাস-এর রিয়েলিটি টক শো ‘আজ কি রাত হ্যায় জিন্দেগি’র চূড়ান্ত পর্বে ‘জয়’ ধর্মেন্দ্রকে পেয়ে আবেগে বুকে টেনে নিয়েছিলেন ‘বীরু’ অমিতাভ বচ্চন।
‘আজ কি রাত হ্যায় জিন্দেগি’ রিয়েলিটি শোতে বলিউডের এই দুই কিংবদন্তি অভিনেতার অসাধারণ পুনর্মিলনের দৃশ্য যেন প্রমাণ দিচ্ছিল—‘১৯৭৫ সালের সেই ‘সোলে’ ছবির গভীর বন্ধুত্ব এখনো অম্লান, অটুট। সেই সঙ্গে ‘শোলে’ ছবির ইতিহাস যেন আবারও ভেসে উঠেছিল ছোটপর্দায়।
অনুষ্ঠানটির সঞ্চালক অমিতাভ বচ্চনের অতিথি ধর্মেন্দ্রর উপস্থিতিতে তৈরি হয়েছিল এক অপূর্ব পুনর্মিলনের দৃশ্য। শোলে ছবির পুরোনো সব দর্শকদের মনে পড়ে যাবে দুই আসনের মোটরসাইকেলে চেপে বীরুকে নিয়ে মাঠ-ঘাট ছাপিয়ে জয়ের সেই মোটরসাইকেলের রেস।
‘শাহেন শা’ অমিতাভ তাঁর ফেসবুক পেজে ধর্মেন্দ্রর সঙ্গে তাঁর ছবি প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘বীরু’র সঙ্গে “আজ কি রাত হ্যায় জিন্দেগি” অনুষ্ঠানে আমার দেখা হওয়ামাত্রই যেন শোলের সেই গান— ‘ইয়ে দোসতি হাম নেহি তোড়েঙ্গে’ বুকে জেগে উঠেছিল। ৪০ বছর কেটে গেলেও ওই গানের রেশ আজও সমান সমুজ্জ্বল।’ এনডিটিভি। ডিএনএ ইন্ডিয়া।