চার বছর পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডায়ানা পেন্টি
ডায়ানা পেন্টি

শুরুতে বিরাট সাফল্য পাওয়া সব সময় হয়তো ঠিক নয়। উল্টো বুমেরাং হয়ে যেতে পারে। প্রত্যাশার পাহাড়সম বোঝা চেপে বসে। আরও একটি একই রকম সাফল্যের পুনরাবৃত্তির আকাঙ্ক্ষা ভিতু করে তোলে। ঠিক এটাই হয়েছে ডায়ানা পেন্টির বেলায়। প্রথম ছবি ককটেল দিয়েই বুম—বাজিমাত। অথচ চার বছর লাগল আরও একটি ছবি করতে!
হ্যাপি ভাগ জায়েগি মুক্তির প্রান্তে দাঁড়িয়ে ডায়ানা স্বীকার করেছেন, দ্বিধা-সংকোচ আর সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতেই তাঁর লেগে গেল এতগুলো দিন। তাঁর ভাষায়, ‘আমি অনেকের সঙ্গে কথা বলেছি, একের পর এক স্ক্রিপ্ট পড়েছি, কিন্তু কোনো কিছুই ঠিকমতো জ্বলে ওঠেনি। তবে এর মধ্যে পরিচালক মুদাসসর আজিজ আমাকে হ্যাপি ভাগ জায়েগির গল্পটা বললেন। সেও অবশ্য দেড় বছর আগের কথা।’
ডায়ানার সরল স্বীকারোক্তি, ‘বাকিদের তুলনায় দ্বিতীয় ছবিটি করতে একটু বেশি সময়ই নিয়েছি। আসলে চরিত্র বেছে নিতে অন্য পথে হেঁটেছি। নিজেকে মানসিক চাপে ফেলতে চাইনি এটা ভেবে যে, হায় হায় ছয় মাস ধরে কিছুই করছি না, বেকার বসে আছি! আমি কখনোই সময়সীমা বেঁধে দিয়ে কিছু করতে চাইনি।’
এই সময় বড় পর্দায় সাময়িক নির্বাসনে থাকলেও মডেলিং, টেলিভিশন কিংবা বিজ্ঞাপনে ছিলেন। বড় পর্দায় যে কাজ করতে চাননি, তা নয়। শুধু এমন কিছুর অপেক্ষায় ছিলেন, যা তাঁকে আশ্বস্ত করবে ‘হ্যাঁ, এটাই সেই চরিত্র’। হ্যাপি ভাগ জায়েগিতেই অবশেষে ‘হ্যাপি’ ডায়ানা। টিওআই।