চায়নিজ খেতে চান শশী কাপুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালের বন্দিজীবন আর ভালো লাগছে না। বর্ষীয়ান বলিউড তারকা শশী কাপুর এখন অনেকটাই সুস্থ বোধ করছেন। তবে এখনই ছাড়পত্র মিলবে না। আরও কয়েক দিন থাকতে হবে হাসপাতালে। শশী অবশ্য পরিবারের স্বজনদের কাছে আবদার করেছেন, চায়নিজ খেতে নাকি ভীষণ ইচ্ছে করছে তাঁর।
বুকে সংক্রমণের সমস্যা নিয়ে এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শশী। এখন কেমন আছেন তিনি? শশীর ভাবি, শাম্মী কাপুরের স্ত্রী নীলা দেবী জানিয়েছেন, ‘গত সোমবার ওর ডায়ালাইসিস করানো হয়েছে। খুবই ক্লান্ত দেখাচ্ছিল ওকে। তবে ও আমাকে ঠিকই চিনতে পেরেছে। আমাকে মনে করিয়ে দিয়েছে, ওর সঙ্গে আমার চায়নিজ খেতে যাওয়ার কথা ছিল। আমি ওকে বলেছি, অবশ্যই আমরা যাব।’
কিডনি ঠিকমতো কাজ না করলে বুকের সংক্রমণ খুবই স্বাভাবিক একটা ঘটনা বলেও জানিয়েছেন তিনি। শশীকে এখন আইসিইউয়ের বিশেষ একটা কক্ষে নেওয়া হয়েছে। মুম্বাই মিরর।