চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন লতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লতা মঙ্গেশকর। ছবি: ইনস্টাগ্রাম

লতা মঙ্গেশকরের অগুনতি ভক্তদের জন্য সুখবর। ৯২ বছর বয়সী এই সংগীতশিল্পীর শারীরিক অবস্থার ক্রমেই উন্নতি হচ্ছে। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এখনো চিকিৎসাধীন লতা মঙ্গেশকর। করোনার পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন এই কিংবদন্তিতুল্য শিল্পী।
৯ জানুয়ারি তাঁকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক প্রতীত সামদানির অধীনে ভর্তি করা হয়। কিছুদিন আগে চিকিৎসক প্রতীত সামদানি সবাইকে অনুরোধ করে বলেছিলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। ওনার জন্য সবাই প্রার্থনা করুন।’

লতা মঙ্গেশকরের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন আর তিনি ভেন্টিলেটরে নেই। চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন এই কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী। কয়েক দিন ধরে তিনি স্বাভাবিক খাদ্য খাওয়া শুরু করেছেন বলে জানা গেছে। সবকিছু মিলিয়ে লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা নিয়ে আশাবাদী চিকিৎসকেরা। তবে বিশেষ দেখভালের জন্য এখনো তাঁকে আইসিইউতে রাখা হবে। লতা মঙ্গেশকরকে কবে হাসপাতাল থেকে ছাড়া হবে, তা এখনো জানা যায়নি।

৮ জানুয়ারি লতা মঙ্গেশকরের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছিল। বয়সের কারণে কোনো রকম ঝুঁকি না নিয়ে তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ধরা পড়ে নিউমোনিয়ায় আক্রান্ত তিনি।

লতা মঙ্গেশকর

ভারতের প্রবাদপ্রতিম সংগীতশিল্পী একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন। ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড এবং একাধিক জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। লতা তাঁর সংগীত জীবনে ৩০ হাজারের বেশি গান গেয়েছেন। তাঁর সংগীতের জাদুতে আবিষ্ট সমগ্র দুনিয়ার সংগীতানুরাগীরা।