চিত্রনাট্যনির্ভর কাজ সহজ নয়: প্রভাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রভাস। ছবি: ফেসবুক পেজ থেকে
প্রভাস। ছবি: ফেসবুক পেজ থেকে

‘বাহুবলী’ আর ‘বাহুবলী টু’র পর ‘সাহো’ও যথেষ্ট সাড়া ফেলেছে ভারত ও বিশ্ব চলচ্চিত্রজগতে। বিষয়টির পেছনের কারণ বুঝতে চেষ্টা করেছেন বাজার বিশেষজ্ঞরা। তাঁরা প্রথমে দুটি প্রশ্ন তুলেছেন, বক্স অফিসের এত বড় বড় অঙ্ক, তার কারণ কী? প্রভাসের গুণে ছবি, নাকি ছবির গুণে প্রভাস। উত্তরটা প্রভাসের কথাই বেশি বলছে।

চলচ্চিত্রের বাণিজ্য বিশ্লেষকেরা বলছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে প্রভাসের ‘তারকাখ্যাতি’ই আলোড়ন ফেলতে যথেষ্ট। প্রভাস ভারতের বড় পর্দার সবচেয়ে বড় তারকাদের একজন। বলিউডের তুলনায় দক্ষিণ ভারতের অভিনয়শিল্পীরা খুব কম পারিশ্রমিক পান। তারপরও প্রভাস ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকাদের একজন। নামেই তাঁর পরিচয়, বিশেষণ বাহুল্য।

প্রভাসের সর্বশেষ ছবি ‘সাহো’ ভারতের অন্যতম বড় বাজেটের ছবিগুলোর একটি। ৩৫০ কোটি রুপি খরচ করে বানানো ছবিটি মুক্তি পায় গত ৩০ আগস্ট। ৪২৪ কোটি রুপি আয় করে ছবিটি ইতিমধ্যে নামের আগে ‘হিট’ তকমা লাগিয়ে ফেলেছে। এর মধ্যে ২৯৫ কোটি এসেছে ভারত থেকে। আর ১২৯ কোটি রুপি আয় করেছে ভারতের বাইরে থেকে। প্রভাস তাই আরও একবার নিজেকে সফল অ্যাকশন হিরো হিসেবে প্রমাণ করলেন। অবশ্য এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রভাসের আন্তর্জাতিক ভক্তরা।

ই-টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রভাসের ছয় ফুট উচ্চতার জন্য পর্দায় যেকোনো মারামারির দৃশ্যে তাঁকে খুব সাবলীল আর বিশ্বাসযোগ্য দেখায়। আজ থেকে ১৭ বছর আগে, ‘ঈশ্বর’ ছবির সেটে যখন তিনি নায়ক হতে এসেছিলেন, তখন পরিচালক তাঁর জন্য মাত্র দুটি মারামারির দৃশ্য রেখেছিলেন। কিন্তু পর্দায় প্রভাসকে মারামারি করতে দেখে আরও কয়েকটি অ্যাকশন দৃশ্য যোগ করেন। তাই প্রথম ছবি থেকে দর্শক তাঁকে আলাদা করে চিনেছে ‘অ্যাকশন হিরো’ হিসেবে। আর অ্যাকশনের একটি আন্তর্জাতিক ভাষা আছে।

সম্প্রতি ডেকান ক্রনিকলের এক সাক্ষাৎকারে প্রভাস কথা বলেছেন ‘সাহো’র বিষয়ে। বললেন, পরিচালক সুযিথ রেড্ডি যখন ‘সাহো’র চিত্রনাট্য নিয়ে এসেছিলেন, তখন সেটা ভালোই লেগেছিল প্রভাসের। তাঁরা দুজন আবার পুরোনো বন্ধু। দুজনে মিলে কিছু পরিবর্তনও করেছিলেন তাঁরা। ভারতের দক্ষিণি পরিচালক সুযিথ আবার চিত্রনাট্যে খুবই বিশ্বাসী। তাঁকে চিত্রনাট্য বিশেষজ্ঞ বলা হলেও ভুল বলা হবে না।

কিন্তু প্রভাস আবার এর আগে এত বিস্তারিত লিখিত চিত্রনাট্য নিয়ে খুব বেশি কাজ করেননি। প্রভাসের ভাষায়, ‘সুযিথ চিত্রনাট্য খুব ভালো বোঝে আর ভালোবাসে। আমার “সেভেন” সিনেমাটা ভালো লেগেছিল। তারপর সুযিথ আমাকে কয়েকটি চিত্রনাট্য দেয়। সেগুলো পড়ে কাজ করতে গিয়ে বুঝলাম, চিত্রনাট্যনির্ভর কাজ সহজ নয়। এমন সব মুহূর্ত আসে, যখন মনে হয়, চিত্রনাট্যের ভেতর নিজেকে আটকাতে গিয়ে আমি খেই হারিয়ে ফেলছি। আমি তো পুরো বিষয়টি জানি। তখন সাসপেন্স ধরে রাখা কঠিন।’

কঠিন হলেও কাজটি সফলভাবেই করেছেন প্রভাস। সমালোচকেরা প্রভাসের সিনেমা বাছাইয়ের প্রশংসা করেছে। প্রভাস জানেন, কীভাবে ভক্তদের মন জয় করতে হয়। তাই তো দেশে আর দেশের বাইরে তাঁর বিরাটসংখ্যক ভক্তকুল রয়েছে।

টানা পাঁচ বছর ‘বাহুবলী’ সেজে ছিলেন প্রভাস। তারপর ‘সাহো’র জন্যও নাকি অমানুষিক শারীরিক পরিশ্রম করতে হয়েছে। এরপর ঘোষণা দিয়েছিলেন, কয়েক মাসের জন্য সিনেমা আর ক্যামেরা থেকে দূরে থাকবেন। শুধু খাবেন, ঘুরবেন আর ঘুমাবেন। কিন্তু রক্তে যাঁর চলচ্চিত্রের নেশা, তাঁর জন্য চলচ্চিত্রকে সাময়িক বিদায় বলাও সহজ নয়। তাই ইতিমধ্যে দুটি ছবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। রাধা কৃষ্ণ কুমার পরিচালিত ‘যিল’। দ্বিতীয় ছবিটির নাম ‘আমুর’। এখানে প্রভাস পর্দা ভাগ করবেন তেলেগু আর হিন্দি ছবির তারকা পূজা হেগড়ের সঙ্গে।