চুপিসারে অডিশনে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনম কাপুর
সোনম কাপুর

যাঁরা বলিউড তারকা সোনম কাপুরকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফলো’ করেন, তাঁদের জানা আছে, এই তারকা কী করছেন, কী পরছেন, কই যাচ্ছেন, কোথায় খাচ্ছেন। সব খবরই তাঁর ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন এই তারকা। কিন্তু এবার তিনি চুপি চুপি উড়াল দিয়েছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। এই বিষয়ে টুইটারে কোনো টুইট করেননি, ফেসবুকে কোনো স্ট্যাটাসও দেননি, এমনকি ইনস্টাগ্রামে কোনো ছবিও পোস্ট করেননি। আর তাই তো অনেকের মনে সন্দেহ জেগেছে, নিশ্চয়ই সোনম হলিউডের কোনো ছবিতে অডিশন দিতে লস অ্যাঞ্জেলসের পথে রওনা দিয়েছেন। তা না হলে কেন এত রাখঢাক?
সোনমের যেকোনো বিদেশযাত্রায় সফরসঙ্গী হন তাঁর ছোট বোন রিয়া কাপুর। এবার রিয়াও যাননি তাঁর সঙ্গে। কাজেই বোঝাই যাচ্ছে, এই যাত্রা ছুটি কাটানোর উদ্দেশ্যে নয়। কাজের জন্যই এবার লস অ্যাঞ্জেলসে গিয়েছেন সোনম।
বাবা অনিল কাপুর অনেক আগেই হলিউডের ছবিতে নাম লিখিয়েছেন। সেখানে সিনেমা জগতের অনেকের সঙ্গে জানাশোনাও আছে তাঁর। শেষবার সোনম যখন বাবার সঙ্গে লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন, তখন তাঁরও পরিচয় হয়েছে অনেকের সঙ্গে। হলিউডের ছবির জন্য সোনম অডিশন দিতে গেলে তাই অবাক হওয়ার কিছু নেই। বলিউড লাইফ।